স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০১ মার্চ ২০২১, ১৭:০৫
করোনা সংক্রমণের অভিজ্ঞতার পরও বিমা সম্পর্কে মানুষ সচেতন নয় উল্লেখ করে দ্রুত স্বাস্থ্য বিমা চালুর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমা খাতের দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্তরা যাতে বঞ্চিত না হয়, এ বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন হওয়ার আহ্বান জানান সরকারপ্রধান। পরামর্শ দেন, এ খাতের প্রতি আস্থা ফিরিয়ে আনতে এবং পরিধি বাড়ানোরও জন্যে কাজ করতে।
সোমবার (১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-তে জাতীয় বিমা দিবস-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় দেশে বিমা সম্প্রসারণে জনগণকে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ এবং সেবা প্রদানে গ্রাহক স্বার্থকে অগ্রাধিকার দিতে বিমা কোম্পানিগুলোর প্রতি আহ্বান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বিমা একটি সেবামূলক পেশা। গ্রাহক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার পাশাপাশি একে জনপ্রিয় ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকারি ও বেসরকারি বিমা কোম্পানিগুলোকে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সাথে একযোগে কাজ করতে হবে।
জনগণ যাতে সংকটকালীন বিমা পলিসি খুলে সুবিধা পেতে পারে সে জন্যে তথ্য দিয়ে তাদের বিমা সম্পর্কে সচেতন করতে বিমা কোম্পানিগুলোকে নির্দেশ দেন বঙ্গবন্ধুকন্যা।
কোম্পানিগুলোর উদ্দেশ্যে তিনি আরো বলেন, জনগণ যাতে বিমার বিষয়ে উৎসাহিত হয়, সে লক্ষ্যে তাদের সচেতন করতে আপনাদেরকে আরো ব্যাপক প্রচারণা চালাতে হবে।
প্রসঙ্গত, স্বাধীনতার মহান রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিমাকে পেশা হিসেবে নিয়ে ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। এই দিনটির স্মরণে সরকার প্রতিবছর ১ মার্চ জাতীয় বিমা দিবস পালন করছে।
এই দিন বীমা খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্যে চার বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা জানানো হয়। প্রধানমন্ত্রীর পক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এমপি এই চার বিশিষ্ট ব্যক্তির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং চার ছাত্রের মাঝে বঙ্গবন্ধু শিক্ষা বিমাও বিতরণ করেন। মোট ৫০ হাজার ছাত্রকে এই বঙ্গবন্ধু শিক্ষা বিমা দেয়া হচ্ছে।
মুস্তাফা কামালের সভাপতিত্বে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া, বাংলাদেশ বিমা সমিতির সভাপতি শেখ কবির হোসেন অনুষ্ঠানে বক্তৃতা দেন। অনুষ্ঠানে বিমা খাতের ওপর একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com