স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ মার্চ ২০২১, ১৭:১২
নির্বাচন কমিশনকে নিয়ে ধারাবাহিকভাবে সমালোচনা করে আসা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে নিয়ে প্রকাশ্যে তার প্রতি ক্ষোভ ঝারলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
মঙ্গলবার (২ মার্চ) ‘জাতীয় ভোটার দিবসের’ অনুষ্ঠানে সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে ‘হেয়, অপদস্ত ও নিচে নামানোর জন্য’ যা করা দরকার, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সবই করে চলেছেন।
এর আগে একই অনুষ্ঠানে মাহবুব তালুকদার স্থানীয় নির্বাচনকে ‘অনিয়মের মডেল’ উল্লেখ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করার দাবি জানান।
নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতেই কমিশনার মাহবুব তালুকদার ধারাবাহিকভাবে ভিন্নমত পোষণ করে আসছেন। তবে এবারই প্রথম প্রকাশ্যে এবং তার উপস্থিতিতে মাহবুব তালুকদারের বক্তব্য নিয়ে এভাবে উষ্মা প্রকাশ করতে দেখা গেল সিইসি নূরুল হুদাকে। এমন এক অনুষ্ঠানে এই ঘটনা ঘটলো, যেটির আয়োজন করা হয়েছিল জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে।
অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় মাহবুব তালুকদার বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটের হার ছিল যথাক্রমে ২৫ দশমিক ৩৪ ও ২৯ দশমিক ০৭। আর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট পড়েছে সাড়ে ২২ শতাংশ। চট্টগ্রামের রাউজান পৌরসভার নির্বাচনের উদাহরণ দিয়ে বলেন মেয়র ও ১২ কাউন্সিলর সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তিনি বলেন, সারা দেশে এই মডেলে সবাই যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনপ্রতিনিধি হতে পারেন তাহলে আর্থিক সাশ্রয় হবে ও সহিংসতা থেকে রেহাই পাওয়া যায়।
স্থানীয় নির্বাচনেও হানাহানি, মারামারি, কেন্দ্র দখল, ইভিএম ভাংচুর ইত্যাদি মিলে এখন অনিয়মের মডেল তৈরি হয়েছে উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, নির্বাচন প্রক্রিয়ার সংস্কার না হলে নির্বাচনের মান আরও নিম্নগামী হওয়ার আশংকা আছে।
প্রধান অতিথির বক্তব্য দিতে এসে নজিরবিহীনভাবে মাহবুব তালুকদারের বক্তব্যের জবাব দেন সিইসি। তিনি মাহবুব তালুকদারের বক্তব্যকে ‘রাজনৈতিক’ বলে অভিহিত করেন।
সিইসি বলেন, মাহবুব তালুকদার নির্বাচন কমিশনের স্বার্থে তিনি কাজ করেন না। ব্যক্তি স্বার্থে ও একটা উদ্দেশ্য সাধনে কমিশনকে অপদস্থ করতে যা করা দরকার, যতটুকু করা দরকার ততটুকু করেছেন উনি।
এদিকে, অনুষ্ঠানে নতুন একটি হালনাগাদ ভোটার তালিকাও প্রকাশ করা হয়। কমিশন জানাছে, দেশে এখন মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com