স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৩ মার্চ ২০২১, ১৯:০৪
দেশে করোনা মহামারিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-১৯ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন নবনিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার জেরেমি ব্রুয়ার। তিনি বলেন, টিকা দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ অস্ট্রেলিয়া থেকেও এগিয়ে।
বুধবার (৩ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা জানান, তার সরকার সমাজের সর্বস্তরের জনগণ তথা স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সকলকে কাজে লাগিয়ে সময়োচিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।
জেরেমি ব্রুয়ার প্রধানমন্ত্রীকে অবহিত করেন, অন্যান্য বিদেশি কূটনীতিকের সাথে তিনি নিজেও ঢাকাতে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী এ দিনের বৈঠকেও রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে সফল প্রত্যাবাসনে আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি।
অর্থনৈতিক অগ্রগতি এবং সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে অস্ট্রেলীয় দূত বলেন, তারা অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদারে আগ্রহী।
আমাদের মুক্তিযুদ্ধে অস্ট্রেলিয়ার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীনের সময় যে সকল দেশ বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম।
অস্ট্রেলীয় দূত তাদের জাহাজযোগে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠেয় সমুদ্র যাত্রায় অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com