স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৭ এপ্রিল ২০২১, ১৩:১০
অর্থ ও মানবপাচারের মামলায় সংসদ সদস্য পদ বাতিল হওয়া শহিদ ইসলাম পাপুলের কারাদণ্ড আরও তিন বছর বাড়িয়েছে কুয়েতের আপিল আদালত।
সোমবার কুয়েতের আরবি ভাষার দৈনিক আল কাবাসের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। এর ফলে পাপুলকে ৭ বছর সাজা ভোগ করতে হবে।
আল কাবাসের খবরে বলা হয়েছে, ফৌজদারি আদালতে খালাস পাওয়া কুয়েতের একজন সংসদ সদস্যকেও সাত বছরের কারাদণ্ড দিয়েছে আপিল আদালত।
অর্থ ও মানবপাচার এবং ঘুষ দেওয়ার অভিযোগে গত বছর জুনে কুয়েতে গ্রেফতার হন পাপুল। ব্যবসা সূত্রে সেখানে তার বসবাসের অনুমতি ছিল।
ওই মামলার বিচার শেষে গত ২৮ জানুয়ারি তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের একটি আদালত।
দণ্ডিত হওয়ায় পাপুলের আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ।
বাংলাদেশের কোনো আইনপ্রণেতার এভাবে বিদেশে দণ্ডিত হওয়ার এবং সাজার কারণে পদ বাতিলেরও এটাই প্রথম ঘটনা।
মামলার তদন্তকালে পাপুলের সহযোগী হিসাবে কুয়েতের দুই পার্লামেন্ট সদস্য সাদুন হাম্মাদ আল-ওতাইবি এবং সালাহ আবদুলরেদা খুরশিদের নাম এসেছিল। কিন্তু জানুয়ারিতে বিচারিক আদালতে তার দুজন খালাস পেয়েছিলেন।
সোমবার আপিল আদালত সালাহ খুরশিদকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে এবং আল-ওতাইবির খালাসের আদেশ বহাল রেখেছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com