স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ জানুয়ারি ২০২১, ১৭:০০
রাজধানীর গুলশানের সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের ভিসা প্রসেসিং কার্যালয়ে বিস্ফোরণে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। আহতদের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে এই বিস্ফোরণ ঘটে। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
দমকল বিভাগের কর্মকর্তা আবুল কালাম বলেন, ভবনটির কেন্দ্রীয় এসির মেরামত করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তখন সেখানে থাকা একজন মেরামত কর্মী ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন আরো অন্তত ৬ জন।
গুলশান ২ নম্বর এলাকায় এম্পোরি ফাইনান্সিয়াল সেন্টার নামে একটি বহুতল ভবনের একটি তলায় ছিল সংযুক্ত আরব আমিরাতের এই ভিসা প্রসেসিং সেন্টারটি। তবে মূল দূতাবাস বা রাষ্ট্রদূতের বাসভবন এই এলাকায় নয়।
ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার জানিয়েছেন, সেখানে কাচ ভেঙ্গে কয়েকজন সামান্য আহত হয়েছে বলে জানা গেছে, যাদের ৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় একজন বাসিন্দা ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, বিস্ফোরণের পরপর ওই এলাকায় চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল এবং তাদেরকে ওই এলাকা পরিহার করে চলাচল করতে পরামর্শ দেয়া হচ্ছিল।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com