স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩০ জানুয়ারি ২০২১, ১৭:১৯
এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের সাড়ে তের লাখের বেশি পরীক্ষার্থীর সবাইকেই পাশ করিয়ে দেয়া হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে এ পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারেনি। তাই পরীক্ষা নেয়া ছাড়াই ফলাফল প্রকাশ করা হলো।
শনিবার (৩০ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এই ফল ঘোষণা করা হয়।
আগেই দেয়া ঘোষণা অনুযায়ী, জেএসসি ও সমমান এবং এসএসসি ও সমমান এই দুটি পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে সব শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের ফলাফল গড় মূল্যায়ন করা হয়েছে।
তবে এভাবে ফল প্রকাশের জন্য কয়েকটি আইনও সংশোধন করতে হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) এই সংশোধিত আইন গেজেট আকারে প্রকাশ পায়।
এবার সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন। গত বছরের এপ্রিল মাসে এই শিক্ষার্থীদের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরীক্ষা বাতিল হয়ে যায়। আর পরীক্ষা না হওয়ার কারণে এই পরীক্ষার্থীদের একজনও অকৃতকার্য হননি।
জেএসসি/সমমানের ২৫ শতাংশ এবং এসএসসি/সমমানের ৭৫ শতাংশ ফল বিবেচনায় নিয়ে উচ্চমাধ্যমিকের গড় ফল প্রকাশ করা হয়েছে। এছাড়া গত বছর যারা এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন, সেসব শিক্ষার্থীদের মূল্যায়নও হয়েছে একই পদ্ধতিতে।
আগের দুটি পাবলিক পরীক্ষার বিষয়ভিত্তিক গড় নম্বরের ভিত্তিতেই মূলত এইচএসসি ও সমমানের বিষয়ভিত্তিক গড় ফলাফল তৈরি করা হয়েছে। এবার কোনও বিষয় বাদ দেওয়া বা নম্বর কমিয়ে মূল্যায়ন করা হয়নি। এরপরও ফলাফল নিয়ে কোনও শিক্ষার্থীর সন্দেহ থাকলে সেটা রিভিউ চেয়ে আবেদন করার সুযোগ আছে।
এবারে মোট ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন জিপিএ-৫ পেয়েছেন। যা মোট শিক্ষার্থীর প্রায় ১১ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে ১৭ হাজার ৪৩ জন শিক্ষার্থী আছেন যারা জেএসসি ও এসএসসি দুটি পরীক্ষায় জিপিএ- ৫ না পেলেও এইচএসসিতে জিপিএ -৫ অর্জন করেছেন। আবার ৩৯৬ জন শিক্ষার্থী আছেন যারা আগের দুটি পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ পেলেও এবার পাননি। এর মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এই বোর্ডের মোট শিক্ষার্থীর ১৭ দশমিক ৭৭ শতাংশ জিপিএ-৫ পেয়েছেন।
ঢাকা বোর্ডে ৫৭ হাজার ৯২৬ জন, রাজশাহী বোর্ডে ২৬ হাজার ৫৬৮ জন, দিনাজপুর বোর্ডে ১৪ হাজার ৮৭১ জন, যশোর বোর্ড - ১২ হাজার ৮৯২ জন, চট্টগ্রাম বোর্ড ১২ হাজার ১৪৩ জন, ময়মনসিংহ বোর্ড ১০ হাজার ৪০ জন, কুমিল্লা বোর্ডে ৯ হাজার ৩৬৪ জন, বরিশাল বোর্ডে ৫ হাজার ৫৬৮ জন, সিলেট বোর্ডে ৪ হাজার ২৪২ জন, কারিগরি বোর্ডে ৪ হাজার ১৪৫ জন, মাদ্রাসা বোর্ডে ৪ হাজার ৪৮ জন জিপিএ-৫ পেয়েছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com