স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০১
ঈদুল ফিতরের পর আগামী ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ মে থেকে আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। এই মধ্যবর্তী সময়ে অনলাইনে ক্লাস চলবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২২ ফেব্রুয়ারি) করোনাকালীন উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আবাসিক হল খোলার আগেই ১২০টি হলের এক লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থী সেইসঙ্গে শিক্ষক কর্মচারীদের টিকা দেয়া ব্যবস্থা করতে হবে। সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে হল খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী।
যারা বিসিএস পরীক্ষা দিতে ইচ্ছুক, পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ- বিশ্ববিদ্যালয় খোলার সাপেক্ষে পিছিয়ে দেয়া হবে। এছাড়া বয়সের কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন, তাদের ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে বলে তিনি জানান।
হলে কোন শিক্ষার্থী অবস্থান নিলেও তাদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে যদি কেউ শৃঙ্খলাবিরোধী কাজে সম্পৃক্ত হন, তাহলে তাদের দায়িত্ব প্রতিষ্ঠান নেবে না। সেক্ষেত্রে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অভ্যন্তরীণ বিষয় সামাল দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে শনি এবং রোববার জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তালা ভেঙ্গে হলে ঢুকে পড়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ১৭ মার্চ থেকে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। যা আজ পর্যন্ত চালু হয়নি। এতে শিক্ষার্থীরা সেশনজটে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com