শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৬ আগস্ট পর্যন্ত

মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে। এছাড়া এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলেও একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমও শুরু করা যায়নি। সব মিলে শিক্ষা ব্যবস্থাতেও স্থবিরতা নেমে এসেছে।
চাঁদ দেখা সাপেক্ষ আগামী ১ আগস্ট পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের জন্য মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ছুটি। ফলে ঈদের ছুটি পর্যন্ত আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ছুটির নির্দেশনায় বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগামী ৬ আগস্ট পর্যন্ত সব ধরনের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন বন্ধ থাকবে। এসময়ে নিজেদের এবং অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে।
গত ১৭ মার্চ থেকে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সরকার। গত এপ্রিলে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এই ছুটি আরও বাড়ানো হবে। তবে এই সময়ের মধ্যে অনলাইনে পাঠ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান খায়ের।