এবার জেএসসি-জেডিসি পরীক্ষাও বাতিল
মহামারি করোনাভাইরাসের কারণে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন। এটি মূলত অষ্টম শ্রেণী বা সমমানের সমাপনী পরীক্ষা যাতে পনের লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়ার কথা।
তবে দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় এবছর এ পরীক্ষার কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এর মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ই সিদ্ধান্ত নিয়েছে যে কওমি মাদ্রাসা ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এরপরই জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিলের খবর জানানো হলো মন্ত্রণালয় থেকে।
এর আগে গত ২৫ আগস্ট পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষা -পিইসি এবং ইবতেদায়ি সমাপনী পরীক্ষা এ বছর অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা হবে বলে জানানো হয়েছিল।