শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল, চলতি শিক্ষাবর্ষেই খোলার চিন্তা

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও একদফা বাড়ল। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে চলতি শিক্ষাবর্ষেই সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কিনা সে বিষয়টি চিন্তাভাবনা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি আশানুরূপ পরিবর্তন না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে ডা.দীপু মনি বলেন, সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা বলছি এই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য। এবছর এইচএসসি পরীক্ষার্থীদের সব প্রস্তুতি ছিল। কিন্তু আগমী বছর যারা পরীক্ষা দেবে তাদের তো পড়াশোনায় ব্যাঘাত হয়েছে। তাদের জন্যই সীমিত পরিসরে হলে, নির্ধারিত পরীক্ষার আগে যদি সময় দেওয়া যায় তাহলে হয়তো তারা সিলেবাস শেষ করতে পারবে।
করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। দফায় দফায় ছুটি বাড়িয়ে তা ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়। এবার তা বাড়িয়ে ১৪ নভেম্বর পর্যন্ত করা হলো।