ঢাবিতে ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ও ‘চ’ ইউনিট থাকছে না

২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে (বিজ্ঞান, কলা, ব্যবসা) স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিলুপ্ত করা হবে সামাজিক বিজ্ঞান অনুষদের ঘ এবং চারুকলা অনুষদের চ ইউনিটের ভর্তি পরীক্ষা। তবে, এ বছর আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে।
রোববার (৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান।
তিনি বলেন, এবার আগের নিয়মেই পরীক্ষা হচ্ছে। এর পরের শিক্ষাবর্ষ থেকে তিনটি ভর্তি পরীক্ষা হবে। সেক্ষেত্রে ঘ ও চ-ইউনিটের পরীক্ষা বাতিল হয়ে হবে খ-ইউনিটের সঙ্গে। এখান থেকে শিক্ষার্থী বিভাগ বণ্টন হবে। বিজ্ঞান থেকে কেউ চাইলে কলা বা সামাজিক বিজ্ঞানে যেতে পারবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষার সংখ্যা এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে ক, খ ও গ ইউনিটের অধীনে ভর্তি প্রক্রিয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে ভাগ করে নেওয়া হত। এগুলো হলো- বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিট, কলা অনুষদভুক্ত খ, বাণিজ্য অনুষদভুক্ত গ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত চ ইউনিট। ঘ-ইউনিটের মাধ্যমে গ্রুপ পরিবর্তন করে অন্য গ্রুপের বিষয়গুলোতে ভর্তি হতে পারতেন শিক্ষার্থীরা।
এদিকে, করোনাভাইরাস মহামারির মধ্যে এবছর ( ২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার জন্য সবাইকে ঢাকায় না এনে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
পাশাপাশি এবার পরীক্ষা পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। এতদিন মোট ২০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন হত। সেখানে ১২০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচসির জিপিএর ভিত্তিতে ৮০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর যোগ করে মেধাতালিকা তৈরি করা হত।
এবার মোট ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এসএসসি ও এইচএসসির জিপিএর জন্য থাকছে ২০ নম্বর, বাকি ৮০ নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে আবার ৩০ নম্বরের এমসিকিউ এবং ৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।