বাড়িতে সহজেই বানিয়ে নিন মধ্যপ্রাচ্যের জনপ্রিয় পদ হামুস
দেশি-বিদেশি সব রকম পদ চেখে দেখা বা আপন করে নেওয়ার ক্ষেত্রে বাঙালির জুড়ি মেলা ভার। সব ভোজন রসিক মানুষদের কথা মাথায় রেখেই দেওয়া হলো মধ্য প্রাচ্যের জনপ্রিয় একটি পদ হামুস। একে অনেকেই সস বলেন। তবে হামুসকে ডিপ বা স্প্রেড বলাটাই সঠিক। মিশর, জর্ডান ও ফিলিস্তিনের জনপ্রিয় এই পদটি যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। এটি সাধারণত রুটি, গ্রিলড চিকেন ও সবজি দিয়ে খাওয়া হয়।
হামুস বানাতে লাগবে
১ কাপ কাবুলি ছোলা, ২-৩ কোয়া রসুন, আধা কাপ পিনাট বাটার, ২ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ চিমটে গার্লিক পাউডার, সামান্য ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ।
হামুস বানানোর পদ্ধতি
একটি পাত্রে ছোলা নিয়ে পানি দিন যাতে এর ওপরে ২ ইঞ্চি পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটে এলে ঢেকে ১ ঘণ্টা রেখে দিন।
এর পর সেদ্ধ ছোলা থেকে পানি ঝরিয়ে নিয়ে, রসুন, পিনাট বাটার, লেবুর রস, লবণ এবং অলিভ অয়েল একসঙ্গে মিহি করে বেটে নিন।
এর পর ইচ্ছে হলে ধনেপাতা কুচি দিয়ে আবার ব্লেন্ড করতে পারেন। হামুস যদি বেশি ঘন হয়ে যায়, তাহলে পানি বা তেল দিয়ে কিছুটা পাতলা করে নিতে পারেন।
রুটি বা পরোটা, গ্রিলড চিকেন ও সবজির সঙ্গে পরিবেশন করুন।