রাজধানীতে পায়ে হেঁটে চলার ৭টি বিপদ

বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক দশকে শহর-গ্রাম নির্বিশেষে ক্রমে মানুষের মধ্যে হাঁটার প্রবণতা কমে গেছে। ফলাফল হিসেবে মানুষের মধ্যে স্থূলতাসহ অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার হারও আগের চেয়ে বেড়েছে।
এছাড়া, রাজধানীতে যানজটে অতিষ্ঠ সাধারণ মানুষ। ফলে অনেকে পায়ে হেঁটেই পথ চলেন। কিন্তু রাজধানীর পথ পায়ে হাঁটার জন্য কতটা উপযোগী? হাঁটতে গিয়ে পথচারী কী ধরণের বিপদ-আপদের মুখে পড়তে পারেন? চলুন জেনে নেয়া যাক-
নোংরা ও দুর্গন্ধ
তেজগাঁও শিল্প এলাকা। সেখানে ভাঙা-এবড়োথেবড়ো ফুটপাত, আর নোংরা ও দুর্গন্ধের কারণে রাস্তার একপাড়ের ফুটপাত ছেড়ে অপর পাড়ে যেতে সব মিলিয়ে পথ চলতে প্রায় দ্বিগুণ সময় লাগে।
স্থানীয়রা জানান, ফুটপাতে অনেক সময়ই দেখা যায় মানুষ প্রস্রাব করে, নোংরা ফেলে যায়, এগুলো দেখার কেউ নাই।
পথচারীদের ধাক্কা
শহরের বিভিন্ন জায়গায় হেঁটে যেতে পথচারীদের ধাক্কা হজম করতে হয় অসংখ্যবার।
ছিনতাইয়ের ঝুঁকি
হাঁটার সময় নিরাপত্তা একটা বড় সমস্যা। কারণ সন্ধ্যার পরই হাঁটার সময় অনেক জায়গায় আলো থাকে না। ফলে ছিনতাই হয় ফুটপাতে।
নারীদের বিপদ
সম্প্রতি ঢাকার একটি ব্যস্ত রাস্তায় বাস থেকে নেমে হাঁটা শুরু করার পর ধর্ষণের শিকার হয়েছিলেন এক বিশ্ববিদ্যালয় ছাত্রী। এ ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তুমুল প্রতিবাদ হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী বলেন, শুধু রাস্তায় না, এমনকি বাসার সামনে হাঁটতে গেলেও রাস্তায় ইভটিজিং এর শিকার হতে হয় আমাদের। এজন্য বাসা থেকেও খুব একটা উৎসাহ দেয় না হাঁটার ব্যাপারে।
ফুটপাতে যানবাহন
ঢাকার ফুটপাতে সাইকেল এবং মোটরসাইকেল চলার দৃশ্যের সাথে অনেকেই কমবেশি পরিচিত। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নুরুন্নাহার সুবর্ণা বলছিলেন, ফুটপাত থাকে অনেক সরু, বাড়ি ফেরার সময় দেখা যায় ওই সরু ফুটপাতেই আবার মোটরসাইকেল ওঠে, তার মধ্য দিয়ে হাঁটতে হয়। ফুটপাত দিয়ে মোটরসাইকেল চলার কারণে বিশেষ করে অফিস ছুটির সময় নারী-পুরুষ নির্বিশেষে পথচারীরা দুর্ঘটনার আশংকায় থাকেন বলে জানিয়েছেন তিনি।
দুর্ঘটনার আশঙ্কা
ঢাকাতে প্রায়ই সড়ক দুর্ঘটনার শিকার হন পথচারীরা। এসবের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয়ার মতো ঘটনাও ঘটে। ঢাকার রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের দুই পথচারী শিক্ষার্থী বাসের ধাক্কায় নিহত হওয়ার পর দেশজুড়ে ক্ষোভে ফেটে পড়েছিল শিক্ষার্থীরা। এসব বিক্ষুব্ধ শিক্ষার্থী কয়েকদিন ধরে ঢাকা শহর অচল করে রেখেছিল, নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে।
অবকাঠামো নির্মাণ
ফুটপাত সংলগ্ন অনেক অবকাঠামোই নির্মাণ প্রকল্পই দেখা যায় ঢাকায়, যেখানে ফুটপাত অবরুদ্ধ করে রাখা হয়। আবার বহুতল নির্মাণ প্রকল্পগুলো এমনই ঝুঁকিপূর্ণভাবে চলতে দেখা যায় যে অনেক পথচারীরই হয়ত সারাক্ষণ মনে হতে পারে যে, এই বুঝি মাথার ওপর একটি ইট এসে পড়ল। এছাড়া, মেট্রোরেল, ফ্লাইওভারের মতো মেগা নির্মাণ প্রকল্প এলাকাগুলোতে ফুটপাত ধরে যে হাঁটার জো থাকে না, এ ব্যাপারে নিঃসন্দেহে অনেকেই একমত হবেন।
এমনকি কোন কোন মেগা প্রকল্প এলাকায় এককালে ফুটপাত থাকলেও এখন এ ধরণের কিছুর অস্তিত্বই আর নেই।