মধুর এসব কেরামতি আগে জানতেন?

ত্বক ও চুলের ক্ষতি করছে রুখতে অনেকেই ব্যবহার করছেন কমবেশি বাজারের উপকরণ। তবে সে সবের রাসায়নিক উপকারের চেয়ে অপকারই করে বেশি। তাই ত্বক ও চুলের যত্নে বেছে নিতেই পারেন প্রাকৃতিক কোনও উপাদান। ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে রূপটানে মধুর কদর নতুন নয়। দৈনন্দিন জীবনে ত্বকের জেল্লা আনতে তাই মধুই হতে পারে সমাধান।
ত্বকের জেল্লা
দুই চামচ মধু ও দুই চামচ আমন্ড গুঁড়া এক সঙ্গে মিশিয়ে নিয়ে মুখে লাগিয়ে নিন। এই মিশ্রন আপনার ত্বককে রাখবে চনমনে এবং উজ্জ্বল।
ফেসমাস্কে মধু
হাতের তালুতে কয়েক ফোঁটা মধু নিয়ে মুখে সরাসরি মালিশ করুন। সেই মধুর প্রলেপ না শুকানো পর্যন্ত মুখে রেখে দিন। যদি একান্তই সময় না থাকে, অন্তত পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
শুষ্ক ত্বক রুখতে
মধু প্রাকৃতিক ময়শ্চরাইজার। ত্বকে আর্দ্রতা ফেরাতে মধুর সঙ্গে অলিভ অয়েল এক সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তারপর শুষ্ক অংশে ওই মিশ্রণ লাগিয়ে অপেক্ষা করুন মিনিট কুড়ি। এর পর ভিজে সুতির কাপড় দিয়ে ত্বক মুছে নিন। ঠাণ্ডা পানিতে ধুয়েও নিতে পারেন।
মেকআপ তুলতে
মেকআপ তোলার জন্যেও মধু বেশ কার্যকরী। নারকেল তেলের সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিন। চোখের চার পাশ ছাড়া মুখের সর্বত্র এই মিশ্রণ লাগাতে পারেন। তার পর উষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মেকআপ তো মুছে যাবেই। রোমকূপের বন্ধ মুখও খুলবে।
স্ক্রাবার
ব্ল্যাক হেডসের সমস্যা থাকলেও মধু কাজে আসে। এক চামচ বেকিং সোডার সঙ্গে দুই চামচ মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করে ব্যবহার করুন। সারা বছরই ব্যবহার করতে পারেন এই স্ক্রাব। ত্বকের মৃত কোষ ঝরে যাওয়ার ফর্মুলা তবে হাতের মুঠোয়।
মধু-পানি
গোসলের সময় এক মগ পানিতে মিশিয়ে নিন আো কাপের চেয়ে একটু বেশি পরিমাণ মধু। শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহারের পরিবর্তে এই মিশ্রণ ঢেলে দিন চুলে। আঙুল চালিয়ে হালকা ম্যাসাজ করুন। পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন চুল।
মধু-দই
দুই চামচ টক দই ও তিন চামচ মধু মিশিয়ে একটা হেয়ার প্যাক বানিয়ে নিন। গোসলের আগে এই মিশ্রণ মেখে নিন চুলে। তার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন চুল।