কুয়েতে আকামার মেয়াদ বাড়ল আরও ৩ মাস
সেপ্টেম্বরের ১ তারিখ থেকে আকামার মেয়াদ আরও ৩ মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে কুয়েতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব টাইমাস বিষয়টি নিশ্চিত করেছে।
মানবিক কারণ ও আটকে থাকা বিভিন্ন ব্যতিক্রমী মামলার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১ সেপ্টেম্বর থেকে শুরু করে তিনমাসের জন্য আকামা এবং ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রেসিডেন্সি পারমিট এবং মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসার মেয়াদ ২ সেপ্টেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীরা আরো বলেন, এই নিয়ে ৩ বার স্বয়ংক্রিয়ভাবে আকামার মেয়াদ বাড়িয়েছে কুয়েত সরকার।। এতে করে প্রবাসী আকামাবিহীন শ্রমিকরা হতাশামুক্ত হবেন বলে প্রবাসীরা জানান।
জানা গেছে, রেসিডেন্সি বিষয়ক বিভাগগুলোতে লোক সমাগম এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়।