৬ মাস পর বাংলাদেশি যাত্রী নিয়ে সৌদি গেল ফ্লাইট

মহামারি করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণার ছয় মাস পর এই প্রথম ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদির কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
দেশটির স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইটটি।
এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত একটার কিছু পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ফ্লাইটটি। ২৫২ জন প্রবাসীকে নিয়ে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে সাউদিয়ার এসভি-৮০৫ ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়।
গত মার্চ মাসে সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ার পর এই ফ্লাইটটিই সৌদি আরবের প্রথম আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট।
এদিকে, সৌদি আরব থেকে ছুটিতে আসা কয়েক হাজার প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। এর মধ্যেই সৌদি যেতে দরকার বিমানের টিকিট। কিন্তু সেই টিকিট পেতেই হয় নানা ভোগান্তি। তিনদিন ধরে টিকিট না পেয়ে রাজধানীতে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।
অন্যদিকে সৌদি আরব বিমান বাংলাদেশে এয়ারলাইন্সকে আগামী ১ অক্টোবর থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত প্রদান করেছে। তবে যাত্রীদের আসন বরাদ্দ শুরু করার আগে সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন আবশ্যক হলেও সেটির অনুমতি পায়নি বাংলাদেশ বিমান। এ কারণে এখনও টিকিট বিক্রি শুরু করতে পারেনি বিমান।