টিকেটের টোকেন নিতে গিয়ে লাঠিপেটার শিকার সৌদি প্রবাসীরা

টোকেন নিতে গিয়ে লাঠিপেটার শিকার হলেন সৌদি আরব প্রবাসীরা। রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সের সামনে ভিড় করেন তারা।
এ সময় টোকেন নিতে ভেতরে ঢুকতে না পেরে হোটেল সোনারগাঁওয়ের গেট ভাঙচুর করেন সৌদিগামীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ লাঠিচার্জ করে। এতে আহত হন বেশ কয়েকজন।
পরে দুপুর দেড়টার দিকে, ভিসার মেয়াদ বিবেচনায় দেড় হাজার টোকেন দেয়ার কথা জানায় সাউদিয়া এয়ারলাইন্স।
চাকরি বাঁচাতে যে কোনো মূল্যে টিকিট-টোকেন পেতে মরিয়া আটকেপড়া সৌদি প্রবাসীরা। বারবার আশ্বাসেও কোনো সুরাহা না হওয়ায় ভেঙে গেছে সব ধৈর্যের বাধ।
এক পর্যায়ে তা হট্টগোলে রূপ নেয়। পরে পরিস্থিতি শান্ত হলেও শত শত মানুষ ভিড় করে কার্যালয়ের সামনে।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল ফারুক গণমাধ্যমকে বলেন, হোটেল সোনারগাঁর সামনে প্রচুর ভিড়। আমরা পরিস্থিতি সামাল দিয়ে রেখেছি।
গত ২৪ সেপ্টেম্বর থেকে টোকেনের মাধ্যমে টিকিট দেয়া শুরু করে সৌদি এয়ারলাইনস। সর্বশেষ ১ অক্টোবর ৩০০১ থেকে ৩৩০০ টোকেনধারীদের টিকিট দেয় এ বিমান সংস্থাটি। গত শুক্রবার থেকে তারা কোনো টোকেন ইস্যু করেনি।
করোনা মহামারির কারণে ছুটিতে দেশে এসে আটকা পড়েন প্রায় ৮০ হাজার প্রবাসী। সাত মাস পর কাজে ফিরে যাওয়ার সুযোগ এলেও ফ্লাইটের অভাবে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাধ্য হয়ে গত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে রাস্তায় নেমে বিক্ষোভ করেন প্রবাসীরা।