
প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারির কারণে গত সাত মাস ধরে ওমরা পালন বন্ধ ছিল। তবে এবার সীমিত পরিসরে ওমরা পালনের জন্য সৌদি সরকার পবিত্র মক্কা এবং মদিনাকে উন্মুক্ত করে দিয়েছে।
রোববার (৪ অক্টোবর) থেকে ওমরা পালন শুরু হয়েছে। তবে সবক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রথম দিনে মাত্র ছয় হাজার মুসল্লি ওমরা পালন করছেন। আগামী ১ নভেম্বর থেকে বিদেশি মুসলমানদের জন্য ওমরা পালনের সুযোগ উন্মুক্ত করা হবে।
প্রথম দিনে সৌদি আরবে বসবাসরত নাগরিকরা ওমরা পালন করেন। এ সময় পবিত্র কাবা শরীফকে কেন্দ্র করে মুসল্লিদেরকে তাওয়াফ করতে দেখা যায়। পবিত্র মদিনা শহরে মসজিদে নববীও পরিদর্শন করেন তারা। তবে সবক্ষেত্রেই মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
গত সপ্তাহে সৌদি হজ বিষয়ক মন্ত্রী জানিয়েছিলেন, ৪ অক্টোবর থেকে ওমরা শুরু হবে এবং তিন ধাপে তা পূর্ণমাত্রা পাবে। প্রথম ধাপে ছয় হাজার মুসল্লি ওমরা করার সুযোগ পাবেন এবং শেষ পর্যায়ে তা ৬০ হাজারে বাড়ানো হবে।
গতবছর সারা বিশ্ব থেকে এক কোটি ৯০ লাখ মানুষ ওমরা পালন করেছিলেন। কিন্তু করোনাভাইরাসের মহামারির কারণে এবার তা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।