পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত প্রবাসীদের মতবিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সফরে আসেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (৫ অক্টোবর) সকালে কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কুয়েত প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের কাছে কুয়েত সফরের উদ্দেশ্য তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।
এর পর দুপুরে পরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রবাসী বাংলাদেশিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুয়েতের আমির ও পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সদ্য প্রয়াত আমিরের মৃত্যুতে বাংলাদেশের সরকার , জনগণ ও প্রধানমন্ত্রীর শোক জানানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ সাবাহ’র মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টিও নতুন আমিরকে আমরা অবহিত করেছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাক্তন আমির প্রবাসী বাংলাদেশিদের প্রতি অত্যন্ত উদার ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন আমিরকে অভিন্দন জানান এবং করোনা পরবর্তীকালে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন, ছুটিতে বাংলাদেশে আটকে পড়া কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিষয় নিয়ে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হলে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে দু’দিন পর সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন।
প্রেস কনফারেন্সে প্রবাসী গণমাধ্যমকর্মীরা ও মতবিনিময় সভায় কুয়েতের বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন প্রশ্ন করেন এবং মন্ত্রী সেসব প্রশ্নের জবাব দেন।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশের বার্তা নিয়ে কুয়েতে আসা পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পরিচালক (এফএমও) এমদাদুল হক চৌধুরী, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান, ডিফেন্স এটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসেরসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।