কুয়েতে বাংলাদেশ দূতাবাসের এক কর্মচারীকে অব্যাহতি

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কম্পিউটার সহকারী (স্থানীয়) মোহাম্মদ মনির আহমেদকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দূতাবাসের পেজে এক বিবৃতির মাধ্যমে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস এই সংবাদ প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, ১ নভেম্বর থেকে কম্পিউটার সহকারী মোহাম্মদ মনির আহমেদকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দূতাবাস সম্পর্কিত কোনও যোগাযোগ না করার জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন। কি কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি বিবৃতিটিতে।
মূলত দীর্ঘদিন থেকে মনিরসহ কুয়েত থেকে স্থানীয়ভাবে নিয়োগকৃত কিছু কর্মচারীদের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ করে আসছিল ভুক্তভোগী প্রবাসীরা। অনেক অভিযোগকারী দূতাবাসের দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ করার কারণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে শ্রমিক উস্কানিসহ বিভিন্ন মিথ্যা অভিযোগের মাধ্যমে দেশে পাঠিয়ে দেয়।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকে প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান ও তাদের অভিযোগের সত্যতা যাচাই করে যুগোপযোগী পদক্ষেপ নিচ্ছেন বলে অনেক প্রবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই খবরে দূতাবাসের পেজে দূতাবাস কর্তৃপক্ষকে সাধারণ প্রবাসীরা সাধুবাদ জানাচ্ছেন।