বাহরাইন প্রতিনিধি ০৪ মার্চ ২০২২, ২৩:১৫
বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তর্জাতিক দূতাবাস বাজার-২০২২’ মেলা। বৃহস্পতিবার (৩ মার্চ) শিশু ও মাতৃকল্যাণ সোসাইটির সদর দপ্তরে ব্যতিক্রমী এ মেলা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এই মেলা। জাতীয় আর্টস কাউন্সিলের প্রেসিডেন্টের সহধর্মিণী শাইখা লুলু আল-কারীমাহ এ মেলার উদ্বোধন করেন। প্রতি বছরের ন্যায় এ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সহধর্মিণী নাজমুন নাহার হাবীব দূতাবাসের কর্মকর্তাদের স্ত্রীদের সঙ্গে নিয়ে এ মেলায় বাংলাদেশ স্টল পরিচালনা করেন। বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিকদের স্ত্রীগণ, কূটনীতিকবর্গ ও তাদের পরিবারের সদস্যসহ বাহরাইন রাজ পরিবারের সদস্যরা মেলায় উপস্থিত ছিলেন। এ মেলায় বাহরাইনস্থ সকল দূতাবাস তাদের ঐতিহ্যবাহী পণ্য বা খাবারের স্টল নিয়ে বসে। এর মধ্যে বাংলাদেশের হস্তশিল্প, নকশি কাথা এবং বাংলাদেশি এনজিও তরঙ্গের হরেক রকমের হাতের তৈরি পাটজাত পণ্য কেনার লক্ষ্যে বাংলাদেশ স্টলে বিদেশিদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম ‘বাংলাদেশ স্টল’সহ এ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
তিনি বলেন, মানবতার কল্যাণে অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রতিবছরই ‘শিশু ও মাতৃকল্যাণ সোসাইটি’ এ মেলার আয়োজন করে থাকে যা সত্যিই প্রশংসনীয়। এ রকম অনন্য উদ্যোগে বাংলাদেশ স্টলের সক্রিয় অংশগ্রহণ ও ভূমিকা মানবিক কূটনীতিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করেছে। বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, আতিথেয়তা ও ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে এ বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com