স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ আগস্ট ২০২৩, ১২:৩৫
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম সোমবার বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফার সাথে তার গুদায়বিয়া প্রাসাদে সৌজন্য বিদায়ী সাক্ষাৎ করেন।
একই দিন (সোমবার) দূতাবাসের ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দূতাবাস কর্তৃপক্ষ। উক্ত সাক্ষাৎকালে তিনি তার সময়কালে সহযোগিতা প্রদানের জন্য বাহরাইনের বাদশাহ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীসহ বাহরাইন সরকারকে ও জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং কোভিড-১৯ মোকাবিলায় বাহরাইন সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যকরী পদক্ষেপের প্রশংসা করেন। সাক্ষাতে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের আলোচনায় রাষ্ট্রদূত একইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন অগ্রযাত্রার সাফল্যগাথা তুলে ধরেন এবং বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের প্রশংসা করেন।
রাষ্ট্রদূত ড. ইসলাম বাহরাইনে বসবাসরত বাংলাদেশীদের পক্ষ থেকে ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেইসাথে বাংলাদেশীদের জন্য নতুন শ্রম বাজার খোলাসহ ভিসা প্রাপ্তি সহজীকরণের অনুরোধ করেন। বিশেষকরে ফ্যামিলি ভিসা প্রদানের বিষয়টি মানবিকভাবে বিবেচনার জন্য জোর দেন। প্রত্যুত্তরে ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী অন্যান্য বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি মান্যবর রাষ্ট্রদূতের বাহরাইন প্রস্থানের পূর্বেই বাংলাদেশীদের ফ্যামিলি ভিসা প্রদানের ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপের আশ্বাস প্রদান করেন।
এ ছাড়া রাষ্ট্রদূত বাহরাইনের বাদশাহ কর্তৃক প্রদত্ত জমিতে বাংলাদেশ সরকারের অর্থায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশ স্কুল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হওয়ার কথা রয়েছে উল্লেখ করে ইতোমধ্যেই বাহরাইন সরকারের নিকট হতে সকল ধরনের স্কুল ভবন নির্মাণের অনুমোদন পাওয়া গেছে বলে জানান। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাহরাইন ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানান ও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
উক্ত সাক্ষাতকালে রাষ্ট্রদূতের সাথে দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান এ.কে.এম. মহিউদ্দিন কায়েস এবং অন্যান্যদের মধ্যে বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল খলিফাসহ ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com