স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৮
প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে দেশে রেমিটেন্স প্রেরণ এবং সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী।
গতকাল ফিজি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় হাইকমিশনার এই আহ্বান জানান। তিনি বলেন, বৈধভাবে রেমিটেন্স প্রেরণ প্রবাসী বাংলাদেশি এবং তাদের পরিবারসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আল্লামা সিদ্দিকী বলেন, সর্বজনীন পেনশন স্কিমে দীর্ঘমেয়াদে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে। এক্ষেত্রে রাষ্ট্র এই স্কিমে অংশগ্রহণকারীদের অর্থের যথাযথ ব্যবহারসহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা প্রদান করবে।
হাইকমিশনার বলেন, বাংলাদেশের সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। এসময় তিনি প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে ফিজি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন আল্লামা সিদ্দিকী।
ফিজি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ফিজি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শওকত আলী। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা নিজস্ব চেতনা ও পরিচয় নিয়ে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে। সকলকে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় পতাকার মযার্দা রক্ষায় সজাগ থাকতে হবে।
বাংলাদেশ ফিজি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা আয়োজিত এ মতবিনিময় সভায় প্রায় পাঁচ শতাধিক অভিবাসী কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পেনশন স্কিমের ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম ও কল্যাণ) মো. সালাহউদ্দিন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com