১৩ কোটিতে বিক্রি হলেন ম্যাক্সওয়েল

মানসিক সমস্যার কারণে স্বেচ্ছায় খেলা থেকে সরে দাঁড়িয়েছিলেন অসি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তবে সব সমস্যা কাটিয়ে আবারও খেলার মাঠে ফিরে এসেছেন তিনি। শুধু খেলার মাঠেই ফিরে আসা নয়, আইপিএলের নিলামের টেবিলেও রীতিমত ঝড় তুলে দিয়েছেন।
কলকাতায় চলমান আইপিএল নিলামে প্রথম কোনো বড় খেলোয়াড়ের মধ্যে টেবিলে নাম ওঠে এই অসি অলরাউন্ডারের। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। ধারণাই ছিল, নিলামের টেবিলে তাকে নিয়ে দুন্ধুমার লড়াই হবে। কিন্তু সেটা যে এতটা, তা কল্পনারও বাইরে।
দিল্লি ক্যাপিটালস, কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্স- এই তিন ফ্রাঞ্চাইজি নিজেদের দলে ম্যাক্সওয়েলকে পেতে মরিয়া হয়ে উঠেছিল। যে কারণে হুহু করে বাড়তে থাকে ম্যাক্সওয়েলের দাম।
এই ত্রি-মুখি লড়াই শেষে শেষ পর্যন্ত ম্যাক্সওয়েলকে জয় করে নিতে সক্ষম হলো কিংস ইলেভেন পাঞ্জাব। যে কারণে তাদেরকে ব্যায় করতে হলো বাংলাদেশি টাকায় প্রায় ১৩ কোটি। অর্থ্যাৎ, ১০.৭৫ (১২ কোটি ৮৫ লাখ টাকা) কোটি রুপিতে গিয়ে থেমেছে ম্যাক্সওয়েলকে নিয়ে নিলাম লড়াই।
প্রসঙ্গতঃ আগেও কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ম্যাক্সওয়েল। এবারও হয়তো তার হাতেই উঠতে পারে প্রীতি জিনতার দলের নেতৃত্বের আর্মব্যান্ড।