অবশেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছেন টাইগাররা

দীর্ঘ দিন ধরেই শঙ্কা চলছিল বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে। সে শঙ্কা কেটেছে অবশেষে। তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট এবং একটি ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সফর অনুষ্ঠিত হবে তিন ধাপে।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর মধ্যকার আলোচনা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিসিবি’র পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতদিন টি-টোয়েন্টি ছাড়া আর কোনও সিরিজে খেলতে রাজী ছিল না বাংলাদেশ। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সংবাদ বিজ্ঞতিতে জানাচ্ছে, তিন দফায় পাকিস্তানে গিয়ে তিনটি সংস্করণেই খেলবে বাংলাদেশ!
পিসিবি’র বিজ্ঞপ্তি অনুযায়ী- লাহোরে ২৪ থেকে ২৭ জানুয়ারি টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।
আগামী এপ্রিলে একমাত্র ওয়ানডে এবং দ্বিতীয় টেস্ট খেলতে ফের পাকিস্তান যাবে বাংলাদেশ। করাচিতে ওয়ানডে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে ম্যাচ এবং পরে ৫-৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সফর করছেন। সেখানে সিরিজের ভাগ্য নিয়ে পিসিবি চেয়ারম্যান এহসান মানির সঙ্গে বৈঠক করেন তিনি। মঙ্গলবার বিকালে দুবাইয়ে অনুষ্ঠিত বৈঠকে মধ্যস্থতা করেন আইসিসি চেয়ারম্যান শশাংক মনোহর, পিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিসিবি প্রেসিডেন্ট বলেন, আমাদের অবস্থান বোঝার জন্য পিসিবিকে ধন্যবাদ দিতেই হবে। দুই পক্ষের সমঝোতার মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছানো গেছে তাতে আমরা খুশি এবং আইসিসির এফটিপি নীতিমালার প্রতি সম্মান প্রদর্শনের এটা একটা উজ্জ্বল উদাহরণ।
এর আগে গত ১২ জানুয়ারি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, বাংলাদেশ শুধু তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। টেস্ট খেলবে না।
তারও আগে গত ৭ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অধিকাংশ ক্রিকেটার পাকিস্তান সফরে যেতে আগ্রহী নন।
প্রসঙ্গত, ২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কার টিম বাসের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে অন্য দেশের ক্রিকেটাররা খেলতে অনাগ্রহী। পাকিস্তান ক্রিকেট বোর্ড তখন থেকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে খেলার আয়োজন করে আসছে।