বিশ্বজয়ের মাঠে লজ্জার হার বিরাটদের

প্রথমে মিচেল স্টার্ক আর প্যাট কামিন্সদের আগুনে বোলিং। আর তারপর অ্যারোন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের জোড়া শতরান। ভারতের বিশ্বকাপ জয়ের মঞ্চে লজ্জার হার কোহলি ব্রিগেডের।
মঙ্গলবার কোহলিদের কচুকাটা করে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ জিতে নিলো অস্ট্রেলিয়া৷
ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোহলি অ্যান্ড কোং-কে ১০ উইকেটে হারায় অজিবাহিনী৷ ভারতের বিরুদ্ধে রেকর্ড পার্টনারশিপ অস্ট্রেলিয়ার৷
মাত্র ২৫৫ রানে ভারতকে অল আউট করার পর ৭৪ বল বাকি থাকতে কোনও উইকেট না হারিয়ে দুরন্ত জয় ছিনিয়ে নিল অজিরা। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
অথচ, ৯ বছর আগে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বার ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত৷ কিন্তু এদিন সেই মাঠেই অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হল বিরাটের ভারত৷
ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের দুরন্ত ব্যাটিংয়ে অসহায় আত্মসমর্পণ বিরাটের বোলারদের৷ ২৫৬ রান তাড়া করে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া৷
মাত্র ৮৮ বলে সেঞ্চুরিতে পৌঁছন ওয়ার্নার৷ আর ১০৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ক্যাপ্টেন ফিঞ্চ৷ ওয়ান ডে কেরিয়ারে এটি ১৮তম সেঞ্চুরি ওয়ার্নারের৷ দু’বার আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে জীবন পান ওয়ার্নার৷ তারপর লক্ষ্যে অবিচল থেকে সেঞ্চুরিতে পৌঁছান বাঁ-হাতি অজি ওপেনার৷
ভারতের বিরুদ্ধে এটি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ৷ এর আগে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার এই দুই ওপেনারই বেঙ্গালুরুতে ২৩১ রান করেছিলেন৷ এদিন তাকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়েন ওয়ার্নার ও ফিঞ্চ৷ ২৫৮ রানের অবিভিক্ত পার্টনারশিপ গড়ে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া৷
এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন অজি ক্যাপ্টেন ফিঞ্চ৷ ব্যাটিং অর্ডারে উল্লেখযোগ্য রদবদল করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফল হওয়ার রাস্তায় হাঁটতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত৷ শেষমেশ ৪৯.১ ওভারে ২৫৫ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া৷