বিপিএলের ফাইনাল কাল, বাড়ল টিকিটের দাম

বঙ্গবন্ধু বিপিএলের পর্দা নামবে শুক্রবার (১৭ জানুয়ারি)। শেষ লড়াইয়ে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রাজশাহী রয়েলস। শেষ দিকে এসে জমে যাওয়া বঙ্গবন্ধু বিপিএলে এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ক্রিকেট সমর্থকেরা।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
বিপিএলের বিশেষ ট্রফি দেখা যাবে সেদিনই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষভাবে আয়োজিত বিপিএলের ট্রফি এরই মধ্যে আনা হয়েছে লন্ডন থেকে। মুশফিকুর রহিম ও আন্দ্রে রাসেলদের ফাইনাল ম্যাচের টিকিটের দাম বাড়িয়েছে বিসিবি।
দক্ষিণ এবং উত্তর গ্যালারির ৩০০ টাকা মূল্যের টিকিট ফাইনালে করা হয়েছে ৪০০ টাকা। এছাড়া পূর্ব গ্যালারির টিকিট মূল্য ১০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৩০০ টাকা। বেড়েছে ক্লাব হাউসের টিকিটের মূল্যও। গ্রুপ পর্বে থাকা ৫০০ টাকার টিকিটের মূল্য ফাইনালের জন্য করা হয়েছে ৭০০ টাকা।
বিশেষ আসরের টিকিটের সর্বোচ্চ মূল্য গ্র্যান্ড স্ট্যান্ডের, সেখানের প্রতি টিকিটের মূল্য ধরা হয়েছে ৩ হাজার টাকা। গ্রুপ পর্বে এই মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ হাজার টাকা।
এদিকে, প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী রয়েলসকে ২৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা টাইগার্স। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্রথম কোয়ালিফায়ারে জাগয়া করে নিয়েছিল মুশফিকুর রহিমের খুলনা। প্রথমবারের মতো ফাইনালে উঠেই সাবধানী খেলে শিরোপা জিততে চায় দলটি।
দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে রাজশাহী রয়্যালস। এর আগে, ২০১৬-১৭ মৌসুমের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল রাশজাহী কিংসের। এবার ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়ে শিরোপার প্রত্যাশা করছে রাজশাহী রয়েলস।
প্রথম কোয়ালিফায়ারে এই রাজশাহীকে হারিয়েছে খুলনা। সেই অভিজ্ঞতায় নিজেদের এগিয়ে রাখতে চান খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। তবে এবার শিরোপার লড়াই। আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পাল্টা জবাব দিয়ে চ্যাম্পিয়ন হতে চায় রাজশাহী রয়েলস।