প্রধানমন্ত্রীর হাতের রান্না খেয়ে অভিভূত সাকিব

এ মুহূর্তে আইসিসির জারিকৃত নিষেধাজ্ঞায় থাকলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আসন গেঁড়ে নিয়েছেন দেশের কোটি ক্রিকেটপ্রেমীর মনে। হারিয়ে যাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয় থেকেও। তারই এক অনন্য উদাহরণ দেখা গেল আজ। নিজ হাতে রান্না করে সুস্বাদু সব খাবার সাকিবের বাসায় পাঠিয়ে দিলেন তিনি!
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রান্নার শখ বহু দিনের। দেশের সর্বোচ্চ ক্ষমতাধর মানুষটির হাতের রান্না কেমন−সেই স্বাদ পেতে হলে ভাগ্যবান হতেই হবে। সাকিব আল হাসান দাবি করতেই পারেন, তিনি সেই সৌভাগ্যবানদের একজন!
প্রধানমন্ত্রীর নিজের হাতে রান্না করা মজাদার খাবার উপহার হিসেবে পেয়ে এখন সপ্তাকাশে বাংলাদেশের বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান।
এমন উপহারের ছবি ভক্তদের প্রদর্শনের লোভ সামলাতে পারেননি সাকিব আল হাসান। নিজের ফেসবুকে আজ আপলোড করতে ভুল করেননি তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘এখন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ সম্ভবত আমি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ভালোবাসা পেয়ে আমি সত্যিই নির্বাক। তাঁর নিজের হাতে রান্না করা খাবার খাওয়ার সৌভাগ্য হলো আমার। তিনি আজ সকালে খাবারগুলো রান্না করে আমার বাসায় পাঠিয়েছেন।
গতকাল (শনিবার) আমার স্ত্রী (উম্মে আহমেদ শিশির) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময়, নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিল। তাই আজ প্রধানমন্ত্রী নিজে এগুলো রান্না করে পাঠালেন। তার কাছ থেকে এমন ভালোবাসা আমি সত্যিই ভুলতে পারবো না। আজীবন আমার হৃদয়ে গেঁথে থাকবে। আমরা সত্যিই অনেক বেশি ভাগ্যবান।’
বিশ্বের সাবেক এক নম্বর অল রাউন্ডার সাকিব প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা ও স্ত্রীর তোলা ছবিও পোস্ট করেছেন। সাকিবপত্মী শিশিরও ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘এর চেয়ে বেশি ভাগ্যবান হওয়া সম্ভব নয়! নিজের ইচ্ছাপূরণের জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারে! প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যস্ত সময়ের মাঝেই নিজ হাতে রান্না করে খাবার পাঠিয়েছেন।
গতকাল তার সঙ্গে দেখা করার সময় জিজ্ঞেস করেছিলেন, আমার পছন্দের খাবার কি? তখন উত্তর শুনে বলেছিলেন, তিনি এগুলো নিজ হাতে রান্না করে আমাদের কাছে পাঠাবেন। আমি সত্যিই সপ্তাকাশে অবস্থান করছি এখন! জীবনের শ্রেষ্ঠতম মধ্যাহ্নভোজ হলো। প্রধানমন্ত্রীর এমন ভালোবাসার বিপরীতে ধন্যবাদ জানানোর ভাষা জানা নেই আমার।’