ক্যান্সারকে ভয় না পেয়ে এর বিরুদ্ধে লড়াই করার আহ্বান সাকিবের
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পোস্টার বয় হিসেবে পরিচিত অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি খেলাখুলা ছাড়াও নানান রকম সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত থাকেন। তাইতো বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে ক্যান্সারকে ভয় না পেয়ে এর বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানালেন সাকিব।
সেই স্ট্যাটাসে সাকিব লিখেছেন, ‘আমাদের অনেকের মনেই এই ধারণাটি রয়েছে যে ক্যান্সার একটি মরণব্যাধি। কিন্তু বাস্তবতা হচ্ছে ক্যান্সার অজেয় নয়। সময় মতো যথাযথ চিকিৎসা সেবা গ্রহণের মাধ্যমে ক্যান্সারকে জয় করা সম্ভব। তাই ক্যান্সার নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হয়ে হতাশায় ডুবে যাওয়া উচিত নয়। এবারের বিশ্ব ক্যান্সার দিবসে প্রতিরোধ গড়ে তুলি একসাথে। ক্যান্সারকে ভয় না পেয়ে এর বিরুদ্ধে লড়াই করি এবং প্রার্থনা করি যেন আমাদেরকে এই মরণব্যাধি প্রতিরোধ করার শক্তি দেন।’