ইতিহাস গড়ে যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ ২০১৬ সালের অতৃপ্তি মেটালো ২০২০ সালে। নিউজিল্যান্ডকে উড়িয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে যুবা টাইগাররা। আগামী রোববার ফাইনালে ভারতের মুখোমুখি লাল-সবুজরা৷
এর আগে প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে আগেই জায়গা করে নেয় ভারত৷
বৃহস্পতিবার পোচেস্ট্রুমে প্রথম ব্যাটিং করে বাংলাদেশের বিরুদ্ধে ৮ উইকেট হারিয়ে ২১১ রান তোলে নিউজিল্যান্ড৷
জবাবে মাহমুদুল হাসানের চোখ ধাঁধানো সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটের বড় জয় নিয়েই ফাইনালে নাম লিখিয়েছে যুবারা।
এদিন, রান তাড়ায় নেমে ৩২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম ফিরে যান মাত্র ৩ রান করে। তার সঙ্গী পারভেজ হোসেন ইমন আউট হন ১৪ রানে।
তৃতীয় উইকেটে ৬৮ রানের জুটিতে সেই ধাক্কা কাটিয়ে ওঠেন মাহমুদুল হাসান জয় আর তৌহিদ হৃদয়। দারুণ খেলছিলেন তারা। তবে দলের স্কোর ১০০ ছুঁতেই ভুল করে বসেন হৃদয়। একটু এগিয়ে শট খেলতে গেলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি, ৪৭ বলে ৪ বাউন্ডারিতে হৃদয় তখন ৪০ রানে।
পরের সময়টায় শাহাদাত হোসেনকে নিয়ে একদম ঠান্ডা মাথায় এগিয়েছেন মাহমুদুল হাসান জয়। চতুর্থ উইকেটে ১০১ রানের ম্যাচ জেতানো জুটি গড়ে তবেই সাজঘরে ফেরেন জয়, তাসখতকে মারতে গিয়ে ফিরতি ক্যাচ হন তিনি।
তবে তার ঠিক আগেই দারুণ এক বাউন্ডারিতে সেঞ্চুরিও পূরণ করে নিয়েছেন জয়। ১২৭ বলে তার ১০০ রানের ইনিংসটিতে ছিল ১৩ বাউন্ডারির মার। ৪০ রানে অপরাজিত থেকে যান শাহাদাত হোসেন।
বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। দুটি করে উইকেট শিকার দুই স্পিনার-হাসান মুরাদ আর শামীম হোসেনের।