কোহলিদের চুনকাম করে ছাড়ল কিউইরা
হোয়াইয়ওয়াশের পালটা হোয়াইটওয়াশ৷ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা ওয়ানডেতে সুদে-আসলে তুলে নিল কিউইরা।
নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৫-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারত৷ ঘরের মাঠে হোয়াইটওয়াশের ধাক্কা সামলে উঠে এবার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে কোহলিদের ক্লিন স্যুইপ করল নিউজিল্যান্ড৷ স্বাভাবিকভাবেই আসন্ন টেস্ট সিরিজের আগে বিরাট কোহলিদের মনোবলে বড়সড় ধাক্কা দিল কিউইরা৷
হ্যামিল্টন ও অকল্যান্ডে প্রথম দু’টি ওয়ান ডে জিতে আগেই সিরিজের দখল নিয়েছিল কিউইরা৷ মঙ্গলবার মাউন্ট মাউনগানুইয়ে তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে ভারতকে ৫ উইকেটে পরাজিত করল তারা৷
বে ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে৷ জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৭.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩০০ রান তুলে ম্যাচ জিতে যায়৷