ওয়ানডেতে সর্বনিম্ন রানের নজির যুক্তরাষ্ট্রের

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০৪ সালে হারারেতে মাত্র ৩৫ রানে গুটিয়ে গিয়েছিল তাতেন্দা তাইবুর জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপ। ওয়ানডে ক্রিকেটে এতদিন সর্বনিম্ন স্কোর ছিল সেটাই।
বুধবার ১৬ বছর আগে জিম্বাবুয়ের সেই নজির স্পর্শ করল মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ কোয়ালিফায়ারে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে কীর্তিপুরে যুক্তরাষ্ট্রকে এদিন ৩৫ রানে অল-আউট করে দিল নেপাল। জবাবে মাত্র ৫.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল নেপাল।
জিম্বাবুয়ের সঙ্গে যুগ্ম দল হিসেবে ওয়ানডে ক্রিকেটে এদিন সর্বনিম্ন রানের নজির গড়ল যুক্তরাষ্ট্র। আর বিপক্ষকে মাত্র ৩৫ রানে গুটিয়ে দেওয়ার ব্যাপারে নেপালের হয়ে বল হাতে মুখ্য ভূমিকা নিলেন দুই স্পিনার সন্দীপ ল্যামিচানে ও সুশান ভারি।
৬ ওভারে ১৬ রান দিয়ে ৬ উইকেট নিলেন ল্যামিচানে। আর ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট ঝুলিতে ভরেন ভারি। ওপেনার জেভিয়ার মার্শাল ছাড়া দু’অঙ্কের রানে পৌঁছাতে পারেননি আর কোনও মার্কিন ব্যাটসম্যান। মার্কিন ব্যাটসম্যানদের সংগ্রহ একনজরে অনেকটা এরকম-১৬ ০ ৪ ৪ ২ ৪ ১ ১ ০ ০ ০।
এদিন মাত্র ১২ ওভারই ব্যাট করতে সমর্থ হয় যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, এর আগে সিরিজের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৯০ রান ডিফেন্ড করে নেপাল। অন্যদিকে, ওমানের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচেও হারতে হয়েছে মার্কিনিদের।
৩৬ রান তাড়া করতে নেমে ২ রানের মধ্যে দুই ওপেনারকে খুঁইয়ে বসে নেপাল। কিন্তু লক্ষ্যমাত্রা খুবই কম থাকায় জয়ের জন্য এতটুকু বেগ পেতে হইয়নি তাদের। মাত্র ৫.২ ওভারে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় নেপাল। ১২ বলে ২০ রানে অপরাজিত থাকেন পরস খাড়কা। ১১ বলে ১৫ রান করে নট-আউট রয়ে যান দীপেন্দ্র সিং আইরে।