মাশরাফি অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলবেন কাল

মাশরাফি বিন মর্তুজা অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ খেলবেন আগামীকাল শুক্রবার। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নড়াইল এক্সপ্রেস।
মাশরাফি বলেন, এটাই আমার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ। আজ সকালেই মনে হলো যে শেষ হওয়া উচিৎ। তবে অবসরের কোনও ঘোষণা দেননি ম্যাশ। তিনি বলেন, এরপর সুযোগ পেলে ভালো করার চেষ্টা করবেন।
সংবাদ সম্মেলনে টানা কথা বলবার এক পর্যায়ে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায় বাংলাদেশের হয়ে সবচাইতে বেশি ম্যাচ জেতা এই অধিনায়ককে।
বাংলাদেশ ক্রিকেট দলের জন্য মাশরাশি পরামর্শ দেন, এরপরে যিনিই অধিনায়ক হবেন তিনি যাতে ২০২৩ বিশ্বকাপে দায়িত্ব নেন।
ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই একটি সংবাদ সম্মেলনে মাশরাফির বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয় পক্ষে বিপক্ষে, সেখানে তিনি বলেছিলেন, আমি কি চুরি করেছি? আমি কি চোর?
‘আত্মসম্মান বা লজ্জার কথা কেনও আসবে, আমি চোর? আমি কি চুরি করি মাঠে? মাঠে এসে উইকেট না পেলে আমার লজ্জা লাগবে কেন?’
এই কথাগুলো ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়ে আসছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে মাশরাফি বিন মর্তুজার সংবাদ সম্মেলনের পর থেকেই।
আগেই বোর্ড সভাপতি ঘোষণা দিয়েছিলেন মাশরাফি অধিনায়ক থাকছেন না। নাজমুল হাসান পাপন বলেন, এরপর দলে থাকতে চাইলে অন্য ক্রিকেটারদের মতো ফিটনেস প্রমাণ করে এবং ঘরোয়া ক্রিকেটে খেলার পর নির্বাচকরা যথেষ্ট মনে করলে মাশরাফি জাতীয় দলে সুযোগ পাবেন।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে এক মাসের মধ্যে নতুন অধিনায়ক ঠিক করা হবে বলেও জানান নাজমুল হাসান পাপন।
সাকিব আল হাসানকে প্রথম পছন্দ হিসেবে রাখলেও নিষেধাজ্ঞার কারণে তার কথা আপাতত মাথায় আনছে না জানিয়েছেন বোর্ডপ্রধান।
বাংলাদেশ ক্রিকেট দল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-টুয়েন্টি সিরিজ ছাড়া টানা হারছে। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের ২৫তম ওয়ানডে সিরিজ জয়।