ভারতকে উড়িয়ে রেকর্ড পঞ্চমবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় নারীশক্তির জয়গাথা লেখার সুবর্ন সুযোগ ছিল হ্যারিদের সামনে। কিন্তু ভারতকে মাটিতে নামিয়ে আনল অস্ট্রেলিয়ার মেয়েরা। ভারতীয় নারী দলকে রীতিমত উড়িয়ে দিয়ে আবারো বিশ্বচ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া।
রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৮৫ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথম ম্যাচে হারার প্রতিশোধ নেয়ার সঙ্গে সঙ্গে শিরোপাও ঘরে তুললো অজি মেয়েরা।
এদিন টস জিতে আগে ব্যাটিং নেন অজি অধিনায়ক মেগ ল্যানিং। অধিনায়কের সিদ্ধান্তের পুরো ফায়দা তুলে নেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি।
হিলি মাত্র ৩৯ বলে ৭ চার ও ৫ ছয়ে করেন ৭৫ রান, আরেক ওপেনার মুনির ব্যাট থেকে আসে ৫৪ বলে ৭৮ রান। তার ইনিংসে ছিল ১০টি চার। এ দু’জনের কল্যাণে অস্ট্রেলিয়া তাদের ওপেনিং জুটিতে তোলে ১১৫ রান।
এছাড়া অধিনায়ক মেগ ল্যানিংয়ের ব্যাট থেকে আসে ১৬ রান। যাতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে তাসমান সাগর পাড়ের দেশটি।
জবাবে ব্যাট করতে নেমে গোটা টুর্নামেন্টে ১৬১ রান করে দুরন্ত পারফর্ম করা শেফালিকে ফাইনালে প্রথম ওভারেই ফিরিয়ে দেন মেগান স্কাট। আর তাতেই ধাক্কা খায় ভারত। যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারতীয় মেয়েরা। পর পর ফিরে যান জেমাইমা রডরিগেজ (০), স্মৃতি মান্ধানা (১১), হরমনপ্রীত কৌর (৪), বেদা কৃষ্ণমূর্তিরা (১৯)। একা কিছুটা লড়াই চালালেন দীপ্তি শর্মা। ৩৩ রান করেন তিনি। আর তানিয়া ভাটিয়ার কনকাশন সাবস্টিটিউট রিচা ঘোষ (১৮) কিছুটা মারমুখী মেজাজে ব্যাটিং করেন। অস্ট্রেলিয়ার হয়ে স্কাট ৪টি এবং জোনাসেন ৩টি উইকেট নেন।
ফলে ৮৫ রানের বড় জয় নিয়েই পঞ্চমবারের মতো উল্লাসে মাতে অজি মেয়েরা। অস্ট্রেলিয়া এর আগে চারবার নারীদের টি-২০ বিশ্বকাপ ঘরে তুললেও ভারত এবারই প্রথম খেলে ফাইনালে।