আবার হ্যাটট্রিক করতে চান মালিঙ্গা

বিশ্বকাপে নয়টি হ্যাটট্রিকের মধ্যে দুটিই লাসিথ মালিঙ্গার দখলে। বয়স ৩৬ ছুঁই ছুঁই শ্রীলঙ্কার এই পেসারের সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ। তাতে আবারো হ্যাটট্রিক করার স্বপ্ন তার!
সদ্য সমাপ্ত আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষ ওভারে দারুণ বোলিং করে মুম্বাই ইন্ডিয়ান্সকে এনে দিয়েছেন চতুর্থ শিরোপা। এবার নিজেকে মেলে ধরতে চান বিশ্বকাপে। এর আগে ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও ২০১১ সালের বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের কৃতিত্ব রয়েছে তার।
এবারের বিশ্বকাপেও হ্যাটট্রিক করতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন মালিঙ্গা। আইসিসি মিডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে শ্রীলঙ্কার এই পেসার বলেন, “বিশ্বকাপ যখন খেলতে পারছি, তখন হ্যাটট্রিক কেন করতে পারব না! অবশ্যই চেষ্টা করব। বিশ্বকাপটি বিশেষ করে তুলতে চাই।”
ওয়ানডে ক্রিকেটে মালিঙ্গার ঝুলিতে উইকেট আছে ৩২৩টি। আরও একটি উইকেট পেলে ছাড়িয়ে যাবেন তার স্বদেশী ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়াকে। পেস সহায়ক ইংল্যান্ডের উইকেটে নিজেকে মেলে ধরতে মুখিয়ে আছেন মালিঙ্গা।
“ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানাতে না পারলে সমস্যায় পড়তে হয়। সেটাই আমার ভাল লাগে। প্রত্যেক মুহূর্তে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হয়। এই ঠান্ডা, তো এই গরম। একজন বোলারের দক্ষতা তখনই বোঝা যায়, যখন দ্রুত সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে।”
আইপিএল ও বিশ্বকাপ ভিন্ন মানের প্রতিযোগিতা। টি-টোয়েন্টির চেয়ে ৫০ ওভারের ম্যাচে অনেক তফাত। তাই আইপিএল ভুলে গিয়ে নতুন করে শুরু করাই তাঁর লক্ষ্য। কিন্তু দল হিসেবে শ্রীলঙ্কা খাতায়-কলমে খুব শক্তিশালী নয়। অনেকেই রয়েছে যাঁরা, প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন। তাতে চিন্তিত নন মালিঙ্গা।
বৃহস্পতিবার স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে আইসিসি দ্বাদশ বিশ্বকাপের আসরের। আগামী শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার মিশন।