বাংলাদেশের ক্রীড়া জগতেও এবার হানা দিয়েছে করোনাভাইরাস। তামিম ইকবালের বড় ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর আগেই পাওয়া গেছে। এবার করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
শনিবার দুপুরে দেয়া তার টেস্টের রিপোর্টে করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়েছে বলে তার আত্মীয়স্বজনরা নিশ্চিত করেছেন।
তারা জানিয়েছেন , শুক্রবার থেকেই মাশরাফি বিন মর্তুজার জ্বর ছিল। তবে তার ভাই মুরসালিন বিন মর্তুজা জানিয়েছেন, জ্বর ছাড়া তার আর কোনও উপসর্গ নেই।
মাশরাফি এখন ঢাকায় নিজ বাসাতেই আইসোলেশনে আছেন বলে পারিবারিক সূত্রে জানানো হয়। তার আত্মীয়স্বজনরা জানিয়েছেন, এর আগে মাশরাফির শাশুড়ি এবং শালীর করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছিল।
সম্প্রতি তিনি দু’বার তার নিজ শহর নড়াইলে গিয়েছিলেন বলেও জানানো হয়।