এক ম্যাচেই দু’টি বিশ্বরেকর্ড গড়লেন স্টার্ক

বিশ্বকাপের চলতি আসরে প্রথম বোলার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে কৃতিত্ব দেখিয়েছেন অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্ক। এছাড়াও বিশ্বকাপের ইতিহাসের মাত্র ষষ্ঠ বোলার হিসেবে দুইবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি। বিশ্বকাপে দুইবারের বেশি ফাইফার নিতে পারেননি কেউই।
ইংল্যান্ডের নটিংহামের ট্রেন্ট ব্রিজে মিচেল স্টার্কের বোলিং ঝড়ে তীরে এসে তরী ডুবল ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচে ৪৬ রান দিয়ে ৫ উইকেট নিয়ে এ বিশ্বরেকর্ডে নিজের নাম লিখিয়েছেন মিচেল স্টার্ক। যেখানে তার আগে আসতে পেরেছেন মাত্র ৫ জন খেলোয়াড়।
এর আগে ২০১৫ সালে ঘরের মাঠে ফাইনালে ২৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এ গতিতারকা। এবারের বিশ্বকাপেও মাত্র দ্বিতীয় ম্যাচেই নিয়ে নিলেন টুর্নামেন্টের প্রথম ফাইফার।
ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার আসরে সবচেয়ে কম মাত্র দুই ম্যাচ খেলেই ২ বার ফাইফার নিয়েছিলেন স্টার্কের স্বদেশী গ্যারি গিলমোর। ওয়েস্ট ইন্ডিজের ভেসভার্ট ড্রেকস ২ বার ফাইফার নিয়েছিলেন ২০০৩ বিশ্বকাপের ৬ ম্যাচেই।
মিচেল স্টার্কের ডুয়েল ফাইফারে যেতে লাগলো ১০ ম্যাচ। গিলমোর ও ড্রেকস ছাড়া তার চেয়ে কম ম্যাচে ফাইফার নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন শুধু শ্রীলঙ্কান পেসার আসান্থা ডি মেল। বিশ্বকাপে ডাবল ফাইফার নেয়া অন্য দুই বোলার হলেন শহিদ আফ্রিদি (২৭ ম্যাচ) এবং গ্লেন ম্যাকগ্রাহ (৩৯ ম্যাচ)।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ম্যাচে আরও একটি বিশ্বরেকর্ড গড়েছেন স্টার্ক। ২০১০ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া স্টার্কের ৭৭ ম্যাচ শেষে উইকেট সংখ্যা এখন ১৫১। তার চেয়ে কম ম্যাচে আর কেউই ওয়ানডে ক্রিকেটে ১৫০ উইকেট শিকার করতে পারেননি।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৫০ উইকেট শিকারি হওয়ার পথে স্টার্ক ভেঙেছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাকের রেকর্ড। যিনি ১৫০ উইকেট নিয়েছিলেন ৭৮ ম্যাচে। মাত্র ১ ম্যাচের জন্য রেকর্ডটি নিজের করে ফেলেছেন স্টার্ক।