বার্সার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন মেসি

আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি বার্সেলোনাতেই থাকুক বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তার বার্সায় থাকার কথা উঠতেই প্রশ্ন ওঠে, তবে কি মেসি বার্সেলোনা ছাড়তে চেয়েছেন? গুঞ্জনটা তেমনই। বার্সেলোনার সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি আছে ৩৩ বছর বয়সী মেসির।
কিন্তু কাতালান ক্লাবের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। বিশেষ করে চলতি মৌসুমে বার্সার পারফরম্যান্স এবং অন্য কিছু সিদ্ধান্তের কারণে হতাশ মেসি। যেমন, নেইমারকে আনতে না পারা, জাভিকে দলের কোচ না করা, আর্থার মেলোকে ছেড়ে দেওয়া ইত্যাদি। মেসি তাই ক্লাব ছাড়তে পারেন বলে কিছু সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে।
তবে রিয়াল মাদ্রিদ কোচ জিদান চান, মেসি বার্সাতেই থাকুক। লা লিগার তার মতো সেরা ফুটবলারের দরকার আছে, ‘আসলে কী ঘটবে আমি জানি না। তবে আমি চাই সে বার্সাতেই থাকুক। কারণ সে এই লিগের সেরা ফুটবলার।’
এর আগে বার্সার পরিচালক এরিক আবিদালের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় মেসির। কিকে সেতিয়েনকে বার্সার কোচ করায় খুশি ছিলেন না লিও। যদিও পরে সে সংকট মিটিয়ে নেন তারা। গেল কয়েক সপ্তাহের খবর ছিল, মেসি বার্সার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন। কিন্তু বার্সার সাম্প্রতিক ফর্ম আবার মেসিকে চুক্তি নিয়ে ভাবতে বাধ্য করেছে।