লাখো মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সাকিব
করোনা মহামারীর মধ্যেই বন্যায় প্লাবিত দেশের ৩০টির বেশি জেলা। যমুনা নদীতে অব্যাহতভাবে পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জে জেলার লাখো মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে। গৃহহীন হয়ে পড়েছে যমুনা তীরবর্তী কাজীপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজলার কয়েক হাজার পরিবার। এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান।
বিশ্বসেরা অলরাউন্ডার দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে বন্যাকবলিত জেলাটিতে সহায়তা করেছেন।
নিজ ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘এমন কঠিন সময়েও মানুষের মুখে হাসি ফোটাতে আমরা চালিয়ে যাচ্ছি নিরন্তর প্রচেষ্টা। প্রিয় সিরাজগঞ্জবাসী, হাল ছাড়বেন না! মনে রাখবেন আমরা আছি আপনাদের সেবায়, আপনাদের পাশে।’
ত্রাণ প্রদানের সময় সাকিবের ফাউন্ডেশনকে সহযোগিতা করায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
তিনি বলেন, ‘সিরাজগঞ্জের বন্যা আক্রান্ত গ্রামগুলোতে ত্রাণসামগ্রী বিতরণে আমাদের সব ধরনের সহায়তা করায় বিশেষ ধন্যবাদ জানাতে চাই, লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে (কমান্ডিং অফিসার, র্যাব-১২)।’