শর্ত মেনে শ্রীলঙ্কা সফরে যাবে না বাংলাদেশ

শ্রীলঙ্কা বোর্ড যেভাবে চাইছে সেভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিসিবি কার্যালয়ে শ্রীলঙ্কা সিরিজ সম্পর্কিত সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।
এ মাসের শেষ সপ্তাহে একটি পূর্বনির্ধারিত দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা যাওয়ার কথা বাংলাদেশের। সফরের সময়ে খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ দলের সদস্যদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকাসহ বেশ কিছু শর্ত দিয়েছে স্বাগতিক দেশটি।
বাকি শর্তগুলো হচ্ছে-
১. সফরকারী বাংলাদেশ দলে ৩০ জনের বেশি প্রতিনিধি থাকতে পারবে না।
২. কোয়ারেন্টাইনের পুরো সময়টা হোটেলে নিজেদের বন্দী রাখতে হবে বাংলাদেশ দলের সদস্যদের।
৩. প্রত্যেক সদস্যকে শ্রীলংকায় গিয়ে করোনাভাইরাসের পিসিআর টেস্ট করতে হবে।
এসব শর্ত মানতে গেলে বাংলাদেশ দল স্বভাবতই সেখানে অনুশীল করতে পারবে না। তাদেরকে সরাসরি মাঠে নামতে হবে। তাই এসব শর্ত মেনে দেশটিতে যেতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।
যদিও দ্বিপাক্ষিক সিরিজটি বাতিল ঘোষণা করা হয়নি। নাজমুল হাসান বলছেন, ওরা যে কথা বলেছে, তা মেনে এখন টেস্ট খেলা সম্ভব না। আমরা আমাদের বক্তব্য জানিয়ে দিয়েছি। এখন ওদের জবাবের অপেক্ষায় আছি।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল জাতীয় দল, হাই পারফরম্যান্স দলের ক্রিকেটার ও সহযোগীদের মিলিয়ে মোট ৬৫ জনের একটি দল পাঠাতে চায় শ্রীলঙ্কায়।
প্রাথমিক পরিকল্পনা ছিল, জাতীয় দল ও এইচপি দল একসঙ্গে সফরে যাবে, সেখানে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রথমে যে পরিকল্পনা ছিল তাতে বলা হয়েছিল, করোনাভাইরাস পরীক্ষায় যদি সদস্যরা নেগেটিভ হয় তবেই যাবে।
এর আগে বাংলাদেশ সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল সাত মাস আগে। জিম্বাবুয়ের সাথে সেই সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল মার্চ মাসে বাংলাদেশে। ওই সিরিজের তিন ফরমেটের সবগুলো ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ দল।