স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১১ এপ্রিল ২০২১, ১৫:১১
ফরাসি লিগ ওয়ানে এমবাপ্পের নৈপুণ্যে স্ত্রাসবুরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। এ জয়ে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে প্যারিসিয়ানরা। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে চেলসি। ব্লুদের হয়ে জোড়া গোল করেন ক্রিস্টিয়ান পুলিসিক।
সম্প্রতি বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমির পথে একধাপ এগিয়ে যায় পিএসজি। সেই জয়ের অনুপ্রেরণা নিয়ে ফরাসি লিগ ওয়ানে স্ত্রাসবুরের মুখোমুখি হয় পচেত্তিনোর দল। লাল কার্ডের নিষেধাজ্ঞা থাকায় মাঠে নামতে পারেননি নেইমার। তবে এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অভাব মোটেই বুঝতে দেননি এমবাপ্পে-কিনরা।
ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের রক্ষণে আক্রমণের পসরা সাজায় পিএসজি। ১৬ মিনিটে এমবাপ্পের গোলে লিড নেয় অতিথিরা। যেখানে লিগ ওয়ানে ২৭ ম্যাচে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতা এ ফরোয়ার্ড।
এরপর ২৭ মিনিটে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন সারাবিয়া। প্রথমার্ধের শেষ দিকে এমবাপ্পের পাসে জালের ঠিকানা খুঁজে নেন ইতালিয়ান ফরোয়ার্ড কিন।
যদিও ৬৩ মিনিটে ব্যবধান কমান স্ত্রাসবুরের সাহি। তবে ৭৯ মিনিটে আবারো ব্যবধান বাড়ায় পিএসজি। ফ্রি কিক থেকে গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার পারেদেশ। শেষ দিকে ব্যবধান ধরে রেখে দারুণ জয় পায় পিএসজি।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে গত ম্যাচে ওয়েস্ট ব্রুমউইচের কাছে হারের আক্ষেপ ভুলে এবার ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হয় চেলসি। শেলহার্স্ট পার্কে শুরুতেই দারুণ ফুটবল উপহার দেয় ব্লুরা। তাইতো তারা ফলও পায় দ্রুত। ৮ মিনিটে হাডসনের বাড়ানো বলে সুযোগটা কাজে লাগায় হার্ভাটজ। এ গোলের রেশ না কাটতেই চোখ ধাঁধানো শটে ব্যবধান দ্বিগুণ করেন পুলিসিক।
বলের দখল নিয়ে অ্যাটাকিং ফুটবল থমাস টুখেল বাহিনীর। ৩০ মিনিটে চেলসির তৃতীয় গোলটি আসে ডিফেন্ডার জুমার পা থেকে। বিরতির পর কিছুটা ছন্দ হারায় চেলসি শিবির। সেই সুযোগে ৬৩ মিনিটে ক্রিস্টাল প্যালেসের হয়ে ব্যবধান কমান বেলজিয়ান ফরোয়ার্ড বেনতেকে।
স্রোতের বিপরীতে একের পর এক আক্রমণ চেলসির। তাইতো ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করতে বিন্দুমাত্র ভুল করেননি ক্রিস্টিয়ান পুলিসিক। এ জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে ২০১৬-১৭ আসরের লিগ চ্যাম্পিয়নরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com