স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৯ জুন ২০২১, ১৯:১৭
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ওমান। পাহাড়সম কঠিন এই ম্যাচের আগে বড় ধরনের দুঃসংবাদ পেতে হলো জেমি ডের দলকে। ১৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে বাংলাদেশকে নামতে হবে অধিনায়ক জামাল ভূঁইয়াকে ছাড়া।
আফগানিস্তান ও ভারতের বিপক্ষে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে জামালকে। সেক্ষেত্রে ওমানের বিপক্ষে দর্শক হিসেবেই খেলা দেখতে হবে এই মিডফিল্ডারকে। আর নিয়মিত অধিনায়ক না থাকাতে লাল-সবুজের নেতৃত্ব দিতে হবে অন্য কাউকে। সেক্ষেত্রে সম্ভাব্য নাম রক্ষণভাগের খেলোয়াড় তপু বর্মণ।
শুধু জামাল ভূঁইয়া নন, ওমানের বিপক্ষে খেলতে পারবেন না লেফটব্যাক রহমত মিয়া ও উইঙ্গার বিপলু আহমেদও। হলুদ কার্ডের খড়গে এদেরকেও দেখা যাবে না সেরা একাদশে। অর্থাৎ শক্তিশালী ওমানের বিরুদ্ধে জেমি ডেকে একাদশ সাজানোতেই দিতে হবে বড় পরীক্ষা।
এর আগে করোনা-ইনজুরির কারণে দলের একাধিক নিয়মিত সদস্য ছাড়াই কাতার উড়াল দিতে হয়েছে টিম বাংলাদেশকে। সব মিলিয়ে এখন পর্যন্ত জয়হীন বাংলাদেশের জন্য বাছাইপর্বের শেষ ম্যাচটি যে কঠিনতম পরীক্ষা হতে যাচ্ছে তা বলাই বাহুল্য।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com