স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১২ জুলাই ২০২১, ১৫:১৭
ইউরোর নতুন চ্যাম্পিয়ন ইতালি। ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়েছে রবার্তো মানচিনির দল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়। ৫৩ বছর পর হারানো সাম্রাজ্য ফিরে পেলো আজ্জুরিরা। আরও একবার স্বপ্নভঙ্গ হলো ইংল্যান্ডের।
কি অদ্ভুত অনুভূতি! একেকটি চোখে অশ্রুবিন্দুর ঝিলিক। কেঁপে ওঠা শরীরে যেনো উল্লাস বইছে। নীল রাজ্য আজ বেদনার রঙে রাঙেনি, এ রং শুধুই সুখের বার্তা দেয়। ইতিহাসের পাতার সাথে শ্রেষ্ঠত্যের স্মারকেও ঠাঁই পেয়েছে সেরাদের নাম; ইতালি। ৫৩ বছর পর আবারো ইউরোর সিংহাসনে আজ্জুরিরা। ওয়েম্বলির যে সবুজ গালিচায় নীলের বিজয়গাঁথা, সেখানেই ইংলিশদের বিরহের সুর। এতো কাছে গিয়েও অধরা শিরোপাকে ছুঁয়ে দেখতে না পারার আক্ষেপ আরো দীর্ঘ হলো থ্রি লায়নদের।
'ইটস নট কামিং হোম...ইটস গোয়িং রোম'। লন্ডনের এ উন্মাদনা তো শুধুই ট্রেলার, আসল উৎসবের মঞ্চ তো ইতালির রাজধানীতে।
৬৬'র আমেজ ফিরে এসেছিলো ওয়েম্বলিতে; যখন মাত্র দুই মিনিটের মাথায় এগিয়ে যায় ইংল্যান্ড। কাইরেন ট্রিপিয়েরের মাপা ক্রস থেকে লুক শর দুর্দান্ত ভলি। দেশের জার্সিতে প্রথম গোল এ ইংলিশ ডিফেন্ডারের। আর ইউরোর ফাইনালে দ্রুততম। প্রায় ৬০ হাজার দর্শকের সাথে আনন্দে মতোয়ারা সস্ত্রীক প্রিন্স উইলিয়াম, ডেভিড বেকহ্যাম, হলিউড তারকা টম ক্রুজ।
এরপর ম্যাচে ফেরার চেষ্টায় আজ্জুরিরা, তবে ইংলিশদের ডিফেন্ডারদের জমাট কৌশলে বড় সুযোগ তৈরি করতে পারেনি। শুধু বিরতির আগে ফেদেরিকো কিয়েজার শট সাইড বার ঘেষে যায়।
দ্বিতীয়ার্ধে প্রেসিং ফুটবলে ইংল্যান্ডকে বেশ চাপে রাখে আজ্জুরিরা। ৬২ মিনিটে আবারো ম্যাগুয়ের, জন স্টোনসের গড়া রক্ষকবচ ভেঙে গোলমুখে শট নেন কিয়েজা। তবে বা দিকে ঝাঁপিয়ে পরে রুখে দেন জর্ডান পিকফোর্ড।
অবশ্য এর পরেরবার আর দলকে রক্ষা করতে পারেননি ইংলিশ গোলরক্ষক। কর্ণার থেকে পাওয়া বলে ভেরাত্তির হেড বাঁচালেও বল সাইড বারে লেগে ফেরে, আর সে সুযোগটি কাজে লাগান লিওনার্দো বোনুচ্চি। ইউরো ফাইনালের সবচেয়ে বেশি বয়সী স্কোরার এ ইতালিয়ান ডিফেন্ডার।
নির্ধারিত সময়ে ইংলিশদের চেপে ধরেও আর গোল করতে পারেনি ইতালি। অতিরিক্ত সময়েও তাই। নকআউট পর্বে ৪ গোল করা হ্যারি কেইন এদিন গোলমুখে একটি শটও নিতে পারেননি। ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনাল গড়ায় পেনাল্টি শুটআউটে।
সেখানে ইংলিশদের হয়ে ভালো শুরু এনে দেন হ্যারি কেইন ও হ্যারি ম্যাগুয়ের। অন্যদিকে ডমিনিকো বেরার্দি সফল হলেও বেলোত্তিকে হতাশ করেন জর্ডান পিকফোর্ড। ম্যাচের মতো টাই ব্রেকারেও এগিয়ে যায় সাউথগেটের দল। তবে পরের তিন শটেই ফল উল্টে যায়। লিওনার্দো বোনুচ্চি, বার্নারদেশকিরা বল জালে জড়িয়েছেন, ব্যর্থ হয়েছেন জর্জিনিয়ো। আর তিন বদলী মার্কাস র্যাশফোর্ড, জ্যাডন সাঞ্চো আর বুকায়ো সাকা আস্থার প্রতিদান দিতে পারেননি।
তবে ইতালি পেরেছে। রবার্তো মানচিনির জাদুর ছোঁয়ায় বিশ্বকাপে খেলতে না পারা আজ্জুরিরা এখন ইউরোপ সেরা। ৩৪ ম্যাচ ধরে অপরাজেয় দলটিকে কোন বিশেষণে বিশেষায়িত করা যায়?
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com