স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ আগস্ট ২০২১, ১৪:৩৭
৩ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেট পরাশক্তি অজিদের জন্য এই সফর নিয়ে যতটা না উচ্ছ্বসিত দেশের ক্রিকেটাঙ্গন, ঠিক ততটাই উদাসীন অস্ট্রেলিয়া। দেশটির ক্রিকেট বোর্ড থেকে শুরু করে টেলিভিশন সম্প্রচার সংস্থা- এই সিরিজ নিয়ে যেন মাথা ব্যাথা নেই কারো।
এমনকি বাংলাদেশ সিরিজ সম্প্রচার নিয়ে আগ্রহ নেই দেশটির কোন টেলিভিশন সংস্থার। ফলে অস্ট্রেলিয়ায় এই সিরিজ আদৌ সম্প্রচার করা হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
দলটা খর্বশক্তির বলেই এমন উদাসীনতা অস্ট্রেলিয়ার। বাংলাদেশ সিরিজের ম্যাচ দেখানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি অস্ট্রেলিয়ার কোনো সম্প্রচার সংস্থা বা টেলিভিশন। রবিবার (২ আগস্ট) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও বলেছেন, ‘আমার জানামতে অস্ট্রেলিয়াতে এখনো কারও কাছে খেলা দেখানোর স্বত্ব বিক্রি করা যায়নি।’
অর্থাৎ সোমবারের (২ আগস্ট) মধ্যেও যদি কোনো অস্ট্রেলিয়ান টেলিভিশন এই সিরিজ সম্প্রচারে আগ্রহী না হয়, তাহলে সে দেশ থেকে দেখা যাবে না বাংলাদেশ-অস্ট্রেলিয়া দলের খেলা।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ সে দেশে সম্প্রচার করেছে ফক্স স্পোর্টস। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচগুলো দেখাবে না তারা। ফক্সের টিভি গাইডে দেখা গেছে, বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার সিরিজের সময় ইংল্যান্ড-ভারত টেস্ট, ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ ও দ্য হান্ড্রেডই শুধু সরাসরি সম্প্রচার করবে তারা।
অন্যদিকে, বাংলাদেশ দলের হোম সিরিজের টেলিভিশন সম্প্রচার স্বত্ব ব্যানটেক নামে একটি প্রতিষ্ঠানের। বাংলাদেশে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের খেলাগুলো সরাসরি দেখাবে টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন। এছাড়া র্যাবিটহোল বিডি অনলাইন সম্প্রচারের দায়িত্বে থাকবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com