shopner bd
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
×

শুধু বেতন বাবদ পিএসজির খরচ ৩ হাজার কোটি টাকা!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ আগস্ট ২০২১, ১৮:১৭

শুধু বেতন বাবদ পিএসজির খরচ ৩ হাজার কোটি টাকা!

লিওনেল মেসিকে দলে ভিড়িয়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্লাব এখন ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই। ২৯ ফুটবলারের পেছনে শুধু বেতন বাবদ পিএসজিকে গুনতে হবে বাৎসরিক তিন হাজার কোটি টাকার বেশি। মোট ব্যয়ের প্রায় এক তৃতীয়াংশের নেপথ্যে মেসি, নেইমার, এমবাপ্পে ত্রয়ী।

টাকায় নাকি বাঘের দুধও মেলে! বাংলার এই প্রবাদ বাস্তব করে দেখিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। পেট্রো ডলারের বৃষ্টিতে এক করেছে সময়ের অন্যতম সেরা তিন তারকা মেসি-নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে।

ফ্রি ট্রান্সফার ফিতে পেলেও আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের জন্য কম অর্থ গুনতে হচ্ছে না ফরাসি জায়ান্টদের। প্যারিসে সময়ের সেরা এ তারকার নতুন ঘর খুঁজে দেয়ার আগ পর্যন্ত শুধু হোটেল বাবদই প্রতিদিন ক্লাবটিকে খরচ করতে হচ্ছে ২০ লাখ টাকারও বেশি। আর বেতন?

২০২০-২১ মৌসুমে বার্সেলোনায় পাওয়া বেতন অর্ধেক নামিয়ে আনলেও এখনও তা আকাশচুম্বি। নতুন ক্লাবে এলএমথার্টির সাপ্তাহিক বেতন সাড়ে ৬ লাখ পাউন্ড। বছরে অঙ্কটা ৩১ কোটি পাউন্ডেরও বেশি। টাকায় প্রায় তিনশো কোটি টাকা। প্রতি মিনিটে মেসির শুধু বেতন থেকেই আয় সাড়ে সাত হাজার টাকারও বেশি।

কম যান না পিএসজির নতুন ফ্রন্টলাইন এমএনএমের বাকি দুই সদস্য নেইমার ও কিলিয়ান এমবাপ্পেও। নেইমার প্রায় ৫ লাখ পাউন্ড আর এমবাপ্পের একাউন্টে প্রতি সপ্তাহে বেতন ঢুকে ৩ লাখ পাউন্ডেরও বেশি। এই তিনজনের পেছনেই বাৎসরিক বেতন বাবদ খরচের প্রায় এক তৃতীয়াংশ ব্যয় করতে হবে পিএসজিকে।

দ্বিতীয় ধাপে আছে মারকুইনহোস-মার্কো ভেরাত্তি। দুজনেরই সাপ্তাহিক বেতন আড়াই লাখ পাউন্ড। পরের অবস্থানেই দি মারিয়া-কেইলর নাভাস। মৌসুমের আরেক হেভিওয়েট নতুন রিক্রুট সার্জিও রামোসের প্রতি সপ্তাহের বেতন ২ লাখ পাউন্ডেরও বেশি। ২৯ ফুটবলারকে নিয়ে গড়া স্কোয়াডের জন্য প্রতিবছর শুধু বেতন বাবদই পিএসজিকে এখন গুনতে হবে প্রায় আড়াইশো মিলিয়ন পাউন্ড। টাকায় যা ৩ হাজার কোটির বেশি।

খেলোয়াড়দের বেতন বাবদ পিএসজি এখন বিশ্বের সবচেয়ে খরুচে ক্লাব। স্প্যানিশ দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা আছে তালিকার পরের দুই অবস্থানে। বেসবলের ক্লাব এলএ ডজার্স আছে চারে। ৫ ও ৬ নম্বরে প্রিমিয়ার লিগের ম্যানচেষ্টার ইউনাইটেড ও সিরি আ জায়ান্ট য়্যুভেন্তাস। রোনালদোর বর্তমান ক্লাবের বার্ষিক বেতন বাবদ খরচ ১৮৪ মিলিয়ন পাউন্ড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।