স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ অক্টোবর ২০২১, ১৪:৩১
আগের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে সেরা একাদশে না রেখে তোপের মুখে পড়েছিলেন কোচ উলে গুনার সুলশার। তাই লেস্টারসিটির বিপক্ষে এই পর্তুগীজ তারকাকে নিয়েই শুরু করলেন। তবে তাতে লাভ হয়নি। কিং পাওয়ার স্টেডিয়ামে এক হালি গোল হজম করে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
লেস্টারসিটির কাছে ৪-২ গোলে হেরেছে রোনালদোরা। এদিন ম্যাচের ১৯তম মিনিটেই অবশ্য এগিয়ে গিয়েছিল রেড ডেভিলরা। ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দুর্দান্ত এক গোল করেছেন ম্যাসন গ্রিনউড। কিন্তু ম্যাচে ফিরতে সময় লাগেনি লেস্টারের। একের পর এক আক্রমণে ইউনাইটেড রক্ষণকে ব্যস্ত রেখে ৩১ মিনিটেই সমতা ফিরিয়েছেন ইউরি তেলেমানস।
১-১ গোলে সমতায় থেকেই প্রথামার্ধে যায় দুদল। দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলা লেস্টার এগিয়ে যায় ৭৮তম মিনিটে। কর্নার থেকে পাওয়া বল এদিক-ওদিক হয়ে চলে এসেছিল সয়ঞ্জুর কাছে। ফাঁকা জাল পেয়ে কোনো ভুল করেননি এই ডিফেন্ডার।
প্রতিপক্ষে মাঠে ইউনাইটেডের অপরাজেয় যাত্রা অক্ষুণ্ন রাখার স্বপ্ন দেখিয়েছিলেন মার্কাস রাশফোর্ড। চোট থেকে আজই ফেরা এই ইংলিশ ফুটবলার ৮২ মিনিটে দলকে সমতায় ফিরিয়েছেন। নিজেদের অর্ধ থেকে দারুণ এক থ্রু পাঠিয়েছিলেন লিন্ডেলফ। সেটা দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠিয়েছেন এই ফরোয়ার্ড।
তবে ৫৪ সেকেন্ড পরই লেস্টারকে আবারও এগিয়ে নেন জেমি ভার্ডি। আর যোগ করা সময়ের প্রথম মিনিটে ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন প্যাটসন ডাকা। শেষ দিকে একটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি রোনালদো। এরই সঙ্গে শেষ হয় অ্যাওয়ে ম্যাচে ইউনাইটেডের দারুণ এক যাত্রা। ইংলিশ লিগে প্রতিপক্ষের মাঠে ২৯ ম্যাচ পর হারল তারা।
লিগে টানা তিন ম্যাচে জয়হীন রইল ইউনাইটেড। যার দুটিতেই তারা পেল হারের তেতো স্বাদ। গত রাউন্ডে এভারটনের সঙ্গে ১-১ ড্রয়ের আগে অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরেছিল ১-০ গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে লেস্টারের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি হারল টানা তিন ম্যাচ, সবগুলোই চলতি বছর।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com