স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২০ নভেম্বর ২০২১, ২০:০৭
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হারের খবরকে ছাপিয়ে গিয়েছে মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা। বায়ো-বাবল ভেঙে খেলার মাঝপথে হুট করে মাঠে ঢুকে পড়েন রাসেল নামে একজন দর্শক। পরে নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় তাকে আটক করে থানায় নেওয়া হয়। জানা গেছে, দেশের প্রচলিত আইনে তার সাজা হবে।
ঘটনাটি ঘটে দ্বিতীয় ইনিংসের ১৩তম ওভার শেষে। নর্দান গ্যালারি থেকে এক দর্শক মাঠের পাশে লোহার উঁচু দেয়াল টপকে ঢুকে পড়েন মাঠে। তিনি যখন নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন থেকে মাঠকর্মীরা দেখছিলেন, তাকে চোখে চোখে রাখছিলেন। কিন্তু অবাক করা বিষয় তার সঙ্গে দৌঁড়ে পারেননি কেউই।
মাঠে ঢুকেই বোলিং প্রান্তে এই দর্শক হাঁটু গেড়ে মাটিতে বসে পা ছোঁয়ার চেষ্টা করেন মুস্তাফিজুর রহমানের। জৈব সুরক্ষিত বলয়ে থাকা মুস্তাফিজ হালকা সরে গেছেন। এরপর তাকে মাঠের বাইরে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা।
এ বিষয়ে মিরপুর জোনের পেট্রোল ইনসপেক্টর মোহাম্মদ মাহফুজুল হক বকশি জানান, আটক দর্শককে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা ব্যবস্থা ভালোই ছিল। জৈব সুরক্ষা বলয়ের কারণে যেখানে যেখানে প্রবেশ করা সম্ভব আমরা সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করেছি। ও (রাসেল) মূলত টিকিট কেটেই ঢুকেছিল। ওর পরিকল্পনাই ছিল। ও মুস্তাফিজুর রহমানের পাগল ফ্যান। টিকিট কেটে তার জায়গাতেই ঢুকেছিল, হঠাৎ করে এ ঘটনাটি ঘটিয়েছে।’
‘আমরা প্রথম যে কাজটি করেছি, ঘটনা ঘটার পরই তাকে হেফাজতে নিয়েছি। আমাদের ডিসি স্যার ছিলেন, উনি সঙ্গে করেই থানায় নিয়ে গেছেন’, যোগ করেন তিনি। কিন্তু শাস্তির বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এটা আসলে আইনের ব্যাপার। আইনে যেটি আছে সেটিই ঘটবে।’
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, দর্শক প্রবেশের ঘটনা অনাকাঙ্ক্ষিত। তবে খুব বেশি শঙ্কিত হওয়ার কিছু নেই। দর্শক যারা মাঠে প্রবেশ করেছেন, সবারই দুই ডোজ টিকা নেওয়া আছে। সেটি তো পরীক্ষা করেই ভেতরে ঢোকানো হচ্ছে। তবুও মুস্তাফিজ যেহেতু সংস্পর্শে গেছে, তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে নিরাপত্তার কথা ভেবে।
তিনি আরও বলেন, ‘এটাকে আমরা ক্লোজ কন্টাক্ট’ বলছি না। কারণ মুস্তাফিজ খুব বেশি ক্লোজ ছিল না। তবুও আমরা যথেষ্ট সতর্ক। মুস্তাফিজকে টেস্ট করানো হবে। আইসিসির প্রটোকল অফিসার আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে দুই টিমের সব ক্রিকেটার ও মাঠে উপস্থিত ম্যাচ অফিশিয়ালদের টেস্ট করানো হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com