shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ ডিসেম্বর ২০২১, ১৭:৪২

ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো

সাফল্যের আরো একটা চূড়া ডিঙিয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব এবং আন্তর্জাতিক মিলিয়ে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন সিআর সেভেন।

আর এই পথ পাড়ি দিতে রোনালদোকে খেলতে হয়েছে এক হাজার ৯৭ ম্যাচ। রোনালদোর পিছনেই আছেন পেলে, আর তারপরের নামটা লিওনেল মেসি।

লিওনেল মেসির হাতে যখন ব্যালো দ্য অঁর, চারিদিকে হাসির রোল; কোথাও আবার সমালোচনা ঝড়। তখন প্রাসংগিকভাবেই এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম, সামাজিক যোগাযোগ মাধ্যমের এক কমেন্টেও নাকি ক্রিশ্চিয়ানো বুঝিয়েছেন, এবারের পুরস্কারটা মেসির হাতে যাওয়া ঠিক হয়নি।

তবে ঠিক বেঠিকের সেই আলাপের মাঝেই আরেকটা অনন্য কীর্তি, সাফল্য চূড়ায় চড়ে থাকা রোনালদোকে নিয়ে গেছে আরো ওপরে। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ৮০০ গোলের মাইলফলক ছোঁয়া একমাত্র ফুটবলার এখন রন। ওর ধারে কাছেও আর কেউ নেই।

গোলের হিসেবে রোনালদোর পরেই যার নাম তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, তিনিও ক্রিশ্চিয়ানোর চেয়ে পিছিয়ে আছেন ৩৬ গোলে। তার পরের নামটা লিওনেল মেসির, সপ্তমবার ব্যালো দ্য অঁর জেতা মেসি সিআর সেভেনের চেয়ে পিছিয়ে আছেন প্রায় পঞ্চাশ গোলে।

একের পর এক রেকর্ড গড়ার খেলায় ক্রিশ্চিয়ানো তালগাছ ছাড়িয়ে গেছেন, এখন তার সব গাছকে ছাড়িয়ে কেবল আকাশে তাকিয়ে থাকার পালা। উড়ন্ত বিহঙ্গের মতোই চলছে তার এই ভাঙা গড়ার খেলা।

ইউরোর সেরা গোলদাতা, দেশের হয়ে সর্বোচ্চ গোল, এমন বয়সেও দারুণ খেলা চালিয়ে যাওয়া, সবমিলিয়ে তো রোনালদো এক বিস্ময়চূড়ার নাম।

আর সেই বিস্ময়চূড়ায় চড়তে সাহস লাগে, লাগে অদম্য দম। থাকতে হয় আকাশের মতো বিশাল মন, হতে হয় কোনো এক মহাবীরের মতো সক্ষম। কে সেরা মেসি নাকি রোনালদো, কার চেয়ে কতো বেশি কার গোল, সেসব কেবল সংখ্যার হিসেব, খবরে উপাদেয়, চায়ের দোকানে ভক্তদের শোরগোল।

সেরার তালিকায় থাকলেন, কে কে তার নাম ধরে ডাকলেন, কে দিলেন গালি; ওসবে পর্তুগিজ নাবিকের কিছুই যায় আসে না। হৃদয়ের রোগকে হার মানিয়ে কোটি মানুষের হৃদয় জেতা ক্রিশ্চিয়ানো জানেন, নাম-দাম-প্রতিপত্তি আসে যায়, গোলের হিসেবও মহাকালে হারায়। থাকে কেবল ভালোবাসা আর লড়াইয়ের গল্প, তাই সেই লড়াইটা করে যাচ্ছেন নিজের মতো।

সবাই যখন তার ফুরিয়ে যাওয়া দেখছেন, তখন তিনি সেই হন্তারক চোখের ভবিষ্যতবাণী উড়িয়ে দিয়ে মহাকাব্য লিখছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।