shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

বার্সাকে হারিয়ে ম্যারাডোনা কাপের শিরোপা জিতলো বোকার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ ডিসেম্বর ২০২১, ১৭:৫৩

বার্সাকে হারিয়ে ম্যারাডোনা কাপের শিরোপা জিতলো বোকার

বার্সেলোনার দুর্ভাগ্য কাটছেই না। এবার মারাদোনা কাপে বোকা জুনিয়র্সের কাছে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার স্মরণে মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে মুখোমুখি হয়েছিল তার সাবেক দুই ক্লাব। বার্সা কোচ হওয়ার পর প্রথম ট্রফি জেতার সুযোগ হাতছাড়া হয়েছে জাভি হার্নান্দেজের। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ সমতায় শেষ হলে পেনাল্টি শ্যুটআউটে ৪-২ ব্যবধানে জয় পায় বোকা জুনিয়র্স।

এদিন বার্সা জার্সিতে দ্বিতীয়বারের মতো মাঠে নামেন ব্রাজিলের দানি আলভেস। স্টেডিয়ামে ম্যারাডোনার সাবেক স্ত্রী ক্লদিয়া, দুই কন্যা দালমা ও জিয়ান্না উপস্থিত ছিলেন। ম্যাচের বিরতিতে শ্রদ্ধা জানানো হয় ফুটবল কিংবদন্তিকে।

বাজে সময়ের মধ‍্য দিয়ে যাওয়া বার্সেলোনা ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলে। প্রথমার্ধে ডি-বক্সের বাইরে থেকে গোলের জন‍্য চেষ্টা করেও গোলের দেখা পাননি রিকি পুজ, দানি আলভেসরা। রক্ষণে বেশি মনোযোগ দেয়ায় বোকা সুযোগ পেলেই প্রতি-আক্রমণে ওঠে। প্রথমার্ধের শেষ দিকে তাদের দারুণ একটি আক্রমণ ঠেকিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক নেতো।

বিরতি থেকে ফিরে ৫০তম মিনিটে কাতালানদের এগিয়ে নেন ফেররান হুতগ্লা। দানি আলভেসের ক্রস কুটিনহোর গায়ে লাগলে বল পান তিনি। দারুণ টার্নে জায়গা করে নিয়ে চমৎকার ফিনিশিংয়ে খুঁজে নেন জাল। তবে গোলের আনন্দ বেশিক্ষণ থাকেনি বার্সার দখলে। ৭৭তম মিনিটে সমতায় ফেরে বোকা। ফাব্রার নিচু ক্রসে খুব কাছ থেকে বল জালে পাঠান এসেকিয়েল সেবাইয়োস।

নির্ধারিত সময়ে ম্যাচে সমতা বিরাজ করে। ম্যাচে অতিরিক্ত সময় না থাকায় খেলা সরাসরি গড়ায় টাইব্রেকারে। সেখানে একটি শট ঠেকিয়ে বোকার জয়ে বড় অবদান রাখেন গোলরক্ষক অগাস্তিন রসি। বোকার হয়ে টানা চার শটে গোল করেন মার্কোস রোহো, সেবাইয়োস, ক্রিস্তিয়ান পাভোন ও আরন মোলিনাস।

বার্সেলোনার হয়ে প্রথম দুই শটে গোল করেন আলভেস ও ফেররান। মাথেউসের শট ঠেকিয়ে দেন রসি। গিলেম হাইমে শট রাখতে পারেননি লক্ষ‍্যে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।