স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২০ ডিসেম্বর ২০২১, ১৯:১৬
চারদিকে আলোর ঝলকানি, উজ্জল মঞ্চ, দর্শকদের মধ্যে উল্লাস, রিংয়ে লড়াইয়ে আসার জন্য বক্সারদের ঘিরে নিয়ে আসছে তার সহযোগীরা, বক্সাররাও রিংয়ে ঢুকছেন দারুণ সাজে। সঙ্গে আছে দর্শকদের হৈ হুল্লড়। দৃশ্যগুলো দেখলে চোখে ভাসবে লাস ভেগাস বা দুবাইয়ের কোন বক্সিং প্রতিযোগিতার কথা। তবে বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ঠিক এ রকমই জাঁকজমকপূর্ণভাবে বক্সিং প্রতিযোগিতার আয়োজন করেছে এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট ও প্রমোশন। এই প্রতিষ্ঠানটির আয়োজনে ঢাকার ইউনাইটেড সিটির শেফ টেবিল কোর্টসাইডে ১৯ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে 'জেনসিস ফাইট নাইট' বক্সিং প্রতিযোগিতা।
বাংলাদেশের বক্সিংকে এগিয়ে নেয়ার জন্য ও উত্তেজনা ছড়িয়ে দেয়ার অংশ হিসেবে দেশসেরা বক্সারদের নিয়ে আয়োজন করা হয় এটি। বক্সিংয়ের জাতীয় প্রতিযোগিতাগুলোতেও এমন আয়োজন বাংলাদেশে দেখা যায় না। বক্সিং বা শারীরিক শক্তিমত্তার খেলাধুলাকে দেশব্যাপী আরো জনপ্রিয় করার লক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট ও প্রমোশন।
সফল আয়োজন শেষে সকলকে ধন্যবাদ জানান এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্টের আদনান হারুন। এ ব্যপারে তিনি বলেন, ‘দেশের বক্সিংয়ে বহুদূর এগিয়ে নিতে ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেতে এমন আয়োজন করেছি ৷ যা ভবিষ্যতেও নিয়মিত ভাবে অব্যহত থাকবে।’

মোট ৬ জন বক্সার তিনটি প্রদর্শনী ম্যাচে খেলতে নামেন। প্রথম ম্যাচে ওয়াল্টার ওয়েটে নামেন রাজশাহীর আল আমিন ও ঢাকার কাজী ফয়সাল। ম্যাচটিতে তিন রাউন্ড শেষেই জিতে নেন আটবারের জাতীয় চ্যাম্পিয়ন ও ব্রোঞ্জজয়ী আল আমিন। এরপর আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ দুটি হয় লাইটওয়েট ও মিডল ওয়েটে। মিডল ওয়েটে জয় পান রাজশাহীর আরেক বক্সার আবু তালহা। তিনি খেলতে নামেন কুস্টিয়ার মশিউরের বিপক্ষে। আর লাইটওয়েটে খেলেন রাঙামাটির সুরা চাকমা ও রাজশাহীর আরেক বক্মার রবিন। প্রতিযোগিতাটির সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ছিল এটি। নয় বারের আনডিফেটেড চ্যাম্পিয়ন সুরা চাকমা এ লড়াইয়ে প্রভাব দেখিয়ে ম্যাচটি জিতে নেন।
বিজয়ী প্রত্যেক প্রতিযোগীকে দেয়া হয় ৫০ হাজার টাকা করে। তাছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্যও সকলের হাতে প্রাইজমানি তুলে দেয়া হয়।
সুন্দর এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল ওটিটি প্লাটফর্ম বঙ্গ। পুরো অনুষ্ঠানটি তারা সরাসরি সম্প্রচার করে। অ্যাপল স্টোর বা গুগল প্লে স্টোর থেকে বঙ্গ অ্যাপস ডাউনলোড করে বাংলাদেশের সবচেয়ে বড় এ বক্সিং প্রতিযোগিতাটি উপভোগ করা যাবে। বঙ্গ ছাড়াও এই অনুষ্ঠানের স্পন্সর পার্টনার ছিল দৈনিক ইনকিলাব, প্রাইম ব্যাংক, গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স, পেপসি, অ্যাপেক্স লিঙ্গারি লিমিটেড ও সিকিউরেক্স।
ঢাকায় বক্সিংয়ের এমন সুন্দর আয়োজন দেখতে আসা সাধারণ দর্শকরা শুধু যে লড়াই দেখেছে তা নয়। প্রতিযোগিতাটি আরো প্রাণবন্ত করার জন্য ছিল সাংস্কৃতিক আয়োজনও। দেশসেরা র্য্যপাররা পারফর্ম করেন। তাছাড়া বিট বক্সিং, ডিজে পরিবেশনসহ ছিল নানা আয়োজন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com